নাটোর, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত কয়েকদিনের গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে বড়াইগ্রাম উপজেলার গড়মাটি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে।
এর মধ্যে বুধবার অসুস্থ হওয়া ১০ জনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিদ্যালয়টির ক্লাস বন্ধ রাখা হয়েছে।
গড়মাটি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা পারভিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টার দিকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও দশম শ্রেণীর ২০ জন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। মাথায় পানি ঢালার পর ১০ জন সুস্থ হলেও বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি করা হয়েছে ষষ্ঠ শ্রেণীর পারভিন ও মুক্তা, সপ্তম শ্রেণীর বাবলি, সুবর্ণা, সোনিয়া ও জাকিয়া, অষ্টম শ্রেণীর স্বর্ণা এবং দশম শ্রেণীর আইরিন, শাকিলা ও রুপালি।
তিনি বলেন, গত শনিবার দুপুরে ১২ জন ছাত্রী হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে আরো তিন ছাত্রী জ্ঞান হারালে স্থানীয়রা মাথায় পানি দিয়ে তাদের সুস্থ করে।
তিনি আরো বলেন, "এই পরিস্থিতিতে সোম ও মঙ্গলবার বিদ্যালয় বন্ধ রাখা হয়েছিল। বুধবারের ঘটনার পর আবারো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।"
বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহাতাবুর রহমান বলেন, ছাত্রীরা সবাই হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে। অত্যধিক গরমে তারা জ্ঞান হারায়।
তিনি বলেন, অসুস্থদের স্যালাইন দেওয়া হয়েছে। এছাড়া ঠাণ্ডা পানি ও তরল খাবার দেওয়ার পর সুস্থ হয়ে উঠছে।
এতে আতঙ্কিত না হয়ে অসুস্থ হলে ঠাণ্ডা পানি দিয়ে মাথা ও শরীর মুছে দেওয়ার পরামর্শ দেন। বিদ্যালয়ে থাকাকালে শিক্ষার্থীদের ঘনঘন পানি খাওয়ারও পরামর্শ দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৮ ঘ.
bdnews24