ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক মন্ত্রী ও বর্তমানে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা একটি দুর্নীতি মামলা বাতিল করে দিয়েছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর বেঞ্চ সাজেদা চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেয়।
রায়ের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, "হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না, তা দুদকের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তবে আমার মতে আপিল হওয়া উচিত।"
বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক জালাল উদ্দিন আহমেদ ২০০২ সালের ১ আগস্ট মতিঝিল থানায় মামলাটি করেন। মামলায় ঢাকা শহরে বাড়ি থাকা সত্ত্বেও মিথ্যা হলফনামা দিয়ে গুলশানে পাঁচ কাঠা জায়গা বরাদ্দ নেওয়ার অভিযোগ আনা হয়।
২০০৩ সালের ২০ জানুয়ারি এই মামলায় সাজেদার বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করা হয়।
ওই বছরেই এপ্রিল মাসে সাজেদা মামলাটি বাতিলের আবেদন করলে হাইকোর্ট মামলাটির কার্যক্রম স্থগিত করে দেয়। সে সময় মামলাটি কেন বাতিল হবে না এর কারণ জানানোর জন্য সরকারের প্রতি রুল জারিও হয়।
সাজেদার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জিএনএ/১৪৪৮ ঘ.
bdnews24