দিনাজপুর, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া কয়লা খনিতে বুধবার দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের কর্মবিরতি চলছে।
মঙ্গলবার থেকে কর্মকর্তাদের আটকে রেখে শ্রমিকরা খনি এলাকার বাইরে মিছিল-মিটিং করছে।
কর্মবিরতি প্রত্যাহারের ব্যাপারে খনি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো যোগাযোগ করা হয়নি বলে শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
বিভিন্ন দাবিতে গত ফেব্র"য়ারিতেও দিনাজপুরের ওই খনির শ্রমিকরা ধর্মঘট করে। দুদিন কাজ বন্ধের পর সরকারি প্রশাসনের মধ্যস্থতায় শ্রমিক ও খনি পরিচালনাকারী চীনা কর্তৃপক্ষের বৈঠকে সমঝোতা হলে ধর্মঘট তুলে নেওয়া হয়।
বেতন বাড়ানোর দাবিতে সোমবার রাত থেকে এক হাজারের বেশি বাংলাদেশি শ্রমিক কাজ বন্ধ রেখেছে বলে জানিয়েছেন বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম।
তিনি সাংবাদিকদের বলেন, গত ফেব্র"য়ারি মাসে প্রফিট বোনাসের দাবিতে আন্দোলনের সময় বেতন-ভাতা বাড়ানোর দাবি তোলা হলে ২০ মার্চের মধ্যে আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিলো। কিন্তু নির্ধারিত সময়ে বেতন বাড়ানোর ক্ষেত্রে খনি কর্তৃপক্ষ গড়িমসি করছে।
ধর্মঘটের কারণে খনির কাজ ব্যাহত হচ্ছে বলে স্বীকার করেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান।
ধর্মঘটী শ্রমিকদের কাজে ফেরানোর তৎপরতা চলছে বলে কামরুজ্জামান জানান।
শ্রমিক নেতা নূর ইসলাম বলেন, ২০০৮ সালে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড, চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি ও কর্মরত দেশি শ্রমিকদের ত্রি-পক্ষীয় একটি চুক্তি হয়। সে অনুযায়ী প্রতিবছর ফেব্র"য়ারি মাসে কর্মরত দেশি শ্রমিকদের বেতন-ভাতা বাড়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জিএনএ/১৩২০ঘ.
bdnews24