গাজীপুর, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক সমকালের সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ছয় ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার ডুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আবু নাঈম শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ডুয়েটের বোর্ড অব ডিসিপ্লিনের সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু নাঈম শেখ বলেন, দৈনিক সমকালের ডুয়েট প্রতিনিধি জয়দেব দাসের ওপর হামলার ঘটনায় ১৭ মার্চ তদন্ত কমিটি গঠিত হয়। কমিটির রিপোর্ট অনুযায়ী বোর্ড অব ডিসিপ্লিনের সভায় ২২মার্চ ওই ছয় ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্তহয়।
তিনি বলেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের ৪র্থ বর্ষের আব্দুল্লাহ আল মাসুম ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ৩য় বর্ষের মো. রবিউল আলমকে দুই বছর, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ৩য় বর্ষের সমির চন্দ্র পাল ও ২য় বর্ষের মো. জাহিদুল হককে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া একই বিভাগের ৩য় বর্ষের কাউসার আহমেদ ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ৩য় বর্ষের মো. এনামুল হক খন্দকারকে আবাসিক হল থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।
গত ১৬ মার্চ রাতে ১২টার দিকে রুম থেকে ডেকে নিয়ে জয়দেবের ওপর হামলা চালায়। এতে তিনি মাথায় আঘাত পান। এ ঘটনায় ১২ জনকে আসামি করে জয়দেবপুর থানায় একটি মামলা হয়েছে।
জয়দেব দাস ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের ছাত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৫ ঘ.
bdnews24