২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চরমপন্থি' কিশোরীকে রিমান্ডে চায় পুলিশ

চরমপন্থি সন্দেহে এক কিশোরীকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চেয়েছে কুষ্টিয়া পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2010, 12:32 PM

Updated : 24 Aug 2022, 07:48 PM

কুষ্টিয়া, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চরমপন্থি সন্দেহে এক কিশোরীকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চেয়েছে কুষ্টিয়া পুলিশ। সোমবার রাতে জেলা শহরের মঙ্গলবাড়িয়া এলাকা থেকে অনন্যা ইসলাম যুথী নামে ১৫ বছরের ওই কিশোরীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কুষ্টিয়া সদর থানার ওসি আসাদুজ্জামান। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়। জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) সিএ হালিমের দাবি, যুথী চরমপন্থি সংগঠন গণমুক্তি ফৌজের সদস্য। এর আগে কুষ্টিয়ায় চরমপন্থি সন্দেহে অন্তত সাতজন নারীকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ গ্রেপ্তার যুথী শহরের পিয়ারাতলা এলাকার মৃত নূরুল ইসলামের মেয়ে। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন নিজেদের হেফাজতে (রিমান্ড) চেয়ে কুষ্টিয়ার বিচার বিভাগীয় হাকিমের আদালতে আবেদন করেন সদর থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক। ওসি আসাদ সাংবাদিকদের বলেন, আদালত বুধবার এ বিষয়ে আদেশ দেওয়ার কথা জানিয়ে যুথীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এরপর আদালত থেকে ওই কিশোরীকে কুষ্টিয়ার কারাগারে নিয়ে যাওয়া হয়। এএসপি হালিম সাংবাদিকদের বলেন, "যুথী চরমপন্থীদের অস্ত্র আদান-প্রদান এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত।" "এ বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে। আরো তথ্য পাওয়ার জন্য রিমান্ডের আবেদন জানানো হয়েছে", বলেন ওসি আসাদ। যুথী তার মায়ের সঙ্গে পিয়ারাতলায় থাকে। যুথীকে মাদকসেবী দাবি করে এর আগে তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বলেও সদর থানার ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২০ ঘ.