ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য শান্তি চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের ওপর আগামী ১২ এপ্রিল রায় দেবে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ চুক্তিটির বৈধতা প্রশ্নে করা পৃথক দু'টি রিট আবেদনের ওপর রায় প্রদানের এই তারিখ ধার্য করে।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
এর বৈধতা চ্যালেঞ্জ করে ২০০০ সালে রাঙ্গমাটির বাঙালি অধিবাসী মো. বদিউজ্জামান হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন।
পরে ২০০৭ সালে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম ওই চুক্তির বৈধতা নিয়ে অপর একটি রিট আবেদন দায়ের করেন।
রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ ও ব্যারিস্টার আবদুর রাজ্জাক।
সরকার পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও সহকারী অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন ও ব্যারিস্টার সারা হোসেন।
এমিকাস কিউরি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান।
অ্যাডভোকেট তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্ট রিট আবেদন দু'টির ওপর চুড়ান্ত শুনানি গ্রহণ শেষ করে আগামী ১২ এপ্রিল রায় প্রদানের দিন নির্ধারণ করেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৮০২ ঘ.
bdnews24