মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের ফি হাতেলেখা পাসপোর্টের দেড়গুণ করার প্রস্তাব করা হয়েছে।
এপ্রিল থেকে যন্ত্রে পাঠযোগ্য (এমআরপি) পাসপোর্টের আবেদন নেওয়া শুরু হবে। মে মাস থেকে তা পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
এ সময়ে কারো জরুরি প্রয়োজন হলে অর্ন্তর্বতীকালীন জরুরি পাসপোর্ট দেবে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর।
স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এমআরপি ও এমআরভির (যন্ত্রে পাঠযোগ্য ভিসা) জন্য নতুন ফি নির্ধারণ করে প্রধানমন্ত্রীর কাছে 'সারসংক্ষেপ' পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কয়েকদিনের মধ্যে এ সংক্রান্ত দ্রুত প্রজ্ঞাপন ও গণবিজ্ঞপ্তি জারি করা হবে।"
সবুজ, নীল ও লাল রঙের তিন শ্রেণীর যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট ও ভিসার ফি প্রস্তাব করা হয়েছে ৩ হাজার টাকা। আর জরুরির ক্ষেত্রে ফি হবে ৬ হাজার টাকা।
বর্তমানের হাতে লেখা পাসপোর্টের ফি সাধারণ ২ হাজার টাকা এবং জরুরি ৩ হাজার টাকা।
আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন সংস্থার (আইসিএও) নীতিমালা অনুযায়ী এপ্রিল থেকে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট ও ভিসা চালুর বাধ্যবাধকতা রয়েছে।
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল মাবুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথম পর্যায়ে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর, যশোর ও গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় থেকে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের আবেদন নেওয়া হবে।
পর্যায়ক্রমে অন্য আঞ্চলিক ও জেলা কার্যালয়েও তা করা হবে বলে জানান তিনি।
এ জন্য লোকবল নিয়োগ হয়েছে জানিয়ে সোবহান সিকদার বলেন, "আবেদনপত্র জমা নেওয়ার পর পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন অনলাইনের মাধ্যমে সম্পন্ন করবে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর। এতে দ্রুত সেবা দেওয়া যাবে।"
'ইন্ট্রোডিউচিং অব মেশিন রিডেবল পাসপোর্ট এ্যান্ড মেশিন রিডেবল ভিসা ইন বাংলাদেশ' প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেফায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১ এপ্রিল থেকে আবেদন জমা নেওয়ার পর এমআরপি-এমআরভি সেবা ১ মে থেকে পৌঁছে দেওয়া যাবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন শাখার সিনিয়র সহকারী সচিব ইফতেখার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এমআরপি-এর ক্ষেত্রেও আগের মতোই তিন ধরনের রঙ থাকছে। সাধারণের জন্য সবুজ, সরকারি কর্মকর্তাদের জন্য নীল ও কূটনৈতিক পাসপোর্ট হবে লাল।
তবে ৪৮ পাতার এ পাসপোর্টে আগের মতো মতো কোনো হাতে লেখা তথ্য থাকছে না। ছবিসহ পাসপোর্টেও ভেতরের প্রথম পৃষ্ঠায় সব তথ্য যন্ত্রে পাঠ করতে পারবে। যেমনটি ভিসা'র তথ্যও যন্ত্রে পাঠযোগ্য।
এমআরপি পদ্ধতিতে সাধারণ পাসপোর্ট দুই সপ্তাহের মধ্যে ও জরুরি পাসপোর্ট এক সপ্তাহের মধ্যে দেওয়া সম্ভব হবে বলে জানান কর্মকর্তারা।
বর্তমানে বিশ্বের আশিটিরও বেশি দেশে এমআরপি-এমআরভি চালু রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৩৩০ ঘ.
bdnews24