ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে একটি খামারে আগুন লেগে ১৭টি গরু পুড়ে মারা গেছে।
দক্ষিণ কেরানীগঞ্জের চুনকটিয়া পূর্বপাড়ার ওই দুগ্ধ খামারে মঙ্গলবার ভোররাতে আগুন লাগে বলে খামারি ও দমকল বাহিনী জানিয়েছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছে দমকল বাহিনী। তবে খামারের মালিক রাজা মিয়া বলছেন, এর পেছনে নাশকতা থাকতে পারে।
রাজা মিয়ার খামারের নাম তালহা ডেইরি ফার্ম। আগুনে খামারের ১৮টি গরুর ১৭টিই মারা গেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।
রাজা মিয়া জানান, ভোর ৪টায় খামারে আগুন লাগে। দমকল বাহিনী দেরিতে পৌঁছায় বলে অভিযোগ করেন তিনি।
তার দাবি, অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২ কোটি টাকার ক্ষতি হয়েছে।
তবে দেরিতে পৌঁছার অভিযোগ নাকচ করে দমকল বাহিনীর কেরানীগঞ্জ স্টেশন অফিসার শাহজাদী সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পাওয়ার পর দ্রুতই তারা ঘটনাস্থলে যান এবং সোয়া এক ঘণ্টার চেষ্টায় সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি মনে করছেন।
রাজা মিয়া বলেন, "দুই দিন আগে দুই যুবক ডেইরি ফার্মে ঢুকে আমাকে খোঁজে। তা না পেয়ে তারা কর্মচারীদের হুমকি দিয়ে যায়।"
তারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে রাজা মিয়ার সন্দেহ।
অগ্নিকাণ্ডের বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি নীলোৎপল দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। তবে প্রাথমিক হিসেবে এর পরিমাণ কোটি টাকার ওপরে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১৩০ ঘ.
bdnews24