ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচটি প্রতারণা মামলায় উত্তরার কলেজ অব এভিয়েশন টেকনোলজির অধ্যক্ষ সুমন সরকারের জামিনের আবেদন নাকচ করেছে আদালত।
সোমবার ঢাকা মহানগর দায়রা জজ এএনএম বসির উল্লাহ এই আদেশ দেন।
ঢাকা সিএমএম আদালত জামিন আবেদন নাকচ করায় ওই আদেশের বিরুদ্ধে এদিন জামিনের আবেদন করা হয়।
বিমান চালনা প্রশিক্ষণ, বিমান প্রকৌশল, ব্যাবসায় প্রশাসনসহ বিভিন্ন বিভাগে ভর্তির অনুমোদন না থাকা সত্ত্বেও অভিযুক্তের প্রতিষ্ঠান প্রত্যারণামূলকভাবে এসব বিভাগে ছাত্র ভর্তির অভিযোগে সুমন সরকার ও উপাধ্যক্ষ অবসরপ্রাপ্ত উইং কমান্ডার খান আব্দুর রহমানের বিরুদ্ধে এ বছরের ১১ ও ১২ জানুয়ারি এবং ১১ মার্চ মামলা হয়। পাঁচ প্রতারিত শিক্ষার্থী ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে (সিএমএম) ওই মামলা দায়ের করেন।
ওই মামলায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পুলিশ সুমন সরকারকে গ্রেফতার করলে তার পক্ষে সিএমএম আদালতে জামিন চাইলে তা নাকচ হয়। উপাধ্যক্ষ আব্দুর রহমান পলাতক রয়েছেন।
প্রতারিত শিক্ষার্থীরা হলেন, ২১/২ জয়নাগ রোড চকবাজারের শহীদুল্লাহ তুষার, ৪০১/৪ দক্ষিণ গোড়ানের বদরুন নাহার, ১৭৬ মাড়িয়ালি জয়দেবপুরের ফারহান শাহরিয়ার, ৭৩১ বাড্ডার দিলরুবা আক্তার দিয়া এবং ১৬৫/১ তিলপাপাড়া খিলগাঁওয়ের শামীমা ফাহমিদা।
তাদের কাছ থেকে বিভিন্ন মেয়াদে ভর্তির বিভিন্ন খাতে প্রায় ৫ লাখ টাকা আসামিরা নিয়েছে বলে মামলার আরজিতে অভিযোগ করা হয়েছে। অনুমোদন না থাকা সত্ত্বেও আসামিরা বিদেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, এমনকি যুক্তরাষ্ট্রের নাসায় বাণিজ্যিক বৈমানিক কোর্সে প্রশিক্ষণের সুযোগ করে দেবে বলে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়।
মামলায় অভিযুক্তের পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট সঞ্জীব কুমার সাহা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/০০১৮ ঘ.
bdnews24