সিলেট, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে সোমবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিলেটের একটি আদালত।
সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোমিন উল্ল্যাহ এক দুর্নীতি মামলায় তাদের বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াসের স্ত্রীর নাম তাহসিনা রুশদী লোপা।
ইলিয়াস সোমবার বেলা দুইটা পর্যন্ত ঢাকায় অবস্থান করছিলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার নামপ্রকাশে অনিচ্ছুক ঘনিষ্ঠ এক সহযোগী।
সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ জানান, গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এম ইলিয়াস আলী পলাতক থাকা অবস্থায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দিলেও তারা সম্পত্তির হিসেব দেননি।
এ সময় দুদক স্বপ্রণোদিত হয়ে তদন্ত করে তার এক কোটি ৮৭ লাখ ৬২ হাজার আটশ ১২ টাকার অবৈধ সম্পদের হিসেব পায়। পরে ২০০৮ সালের ২১শে জুলাই দুদকের সহকারী পরিচালক এনামূল বাকি সিলেট জেলা দায়রা জজ আদালতে মামলা করেন।
২০০৯ সালের ৬ মে এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় তারা হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন।
ওই মামলায় পরপর তিন তারিখে আদালতে এম ইলিয়াস আলী ও তাহসিনা অনুপস্থিত থাকায় আদালত সোমবার তাদের বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরওয়ানা জারি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০৩৫ ঘ.
bdnews24