২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে এক পরিবারের তিনজনের লাশ উদ্ধার

মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৈলপুর গ্রামে সোমবার এক পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2010, 01:59 PM

Updated : 24 Aug 2022, 07:46 PM

বাগেরহাট, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৈলপুর গ্রামে সোমবার এক পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, আব্দুল হক মাঝি (৬০), তার স্ত্রী রাবেয়া বেগম (৪৫) ও মেয়ে আসমা আক্তার (১১)। বাড়িতে তারা ছাড়া আর কেউ ছিল না। খাবারের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আব্দুল হকের দুই ছেলে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। বড় দুই মেয়ের বিয়ে হয়েছে। মোরেলগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ জানান, "প্রাথমিক তদন্তে জানা গেছে রোববার রাতে আব্দুল হকের বাড়িতে অজ্ঞাত পরিচয় দু'জন অতিথি এসেছিলো যারা আব্দুল হককে 'তালই সাহেব' বলে ডেকেছে। সোমবার সকালে ওই বাড়ি থেকে একটি ঠোঙা ভর্তি কয়েকটি আপেল এবং সদ্য ব্যবহৃত একটি খালি মিষ্টির প্যাকেট পাওয়া গেছে। বাড়ির একমাত্র কাঠের আলমারিটি খোলা পাওয়া যায়।" তিনি বলেন, "ধারণা করা হচ্ছে তারাই (অতিথি) খাবারের সঙ্গে বিষাক্ত দ্রব্য মিশিয়ে তাদের হত্যা করে ঘরের মালামাল নিয়ে গেছে।" তবে প্রাথমিকভাবে খোয়া যাওয়া মালামালের সুনির্দিষ্ট কোনো তালিকা পায়নি পুলিশ। এ ঘটনায় নিহতের মেয়েজামাই একই গ্রামের লুৎফর রহমান বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তার শাশুড়ির গায়ে স্বর্ণালঙ্ককার ছিল, যা এখন নেই।" ঘরে নগদ টাকা বা মূল্যবান কী সামগ্রী ছিল তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। আব্দুল হকের চাচাতো ভাই সালেক মাঝি পাশাপাশি ঘরে থাকেন। তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে তিনি আব্দুল হকের ঘরে মানুষের কথাবার্তা শুনেছেন। এ সময় কেউ একজন আব্দুল হককে 'তালই' বলে সম্বোধন করছিলো। আরেক চাচাতো ভাই আব্দুল মজিদ মাঝি বলেন, সকাল ৮টার দিকে মিনারা (৯) নামে প্রতিবেশী একটি মেয়ে প্রতিদিনের মতো আব্দুল হকের বাড়িতে দুধ নিতে আসে। ডাকাডাকি করে কারো সাড়া না পেয়ে সে জানালা দিয়ে দেখে ঘরের ভেতর তাকায়। মেয়েটির ডাকাডাকিতে তিনিসহ কয়েকজন আত্মীয় ও প্রতিবেশী এসে দেখেন ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। তারা ঘরে ঢুকে রাবেয়াকে বারান্দার খাটে, আব্দুল হক ও আসমাকে মাঝের ঘরে খাটে পড়ে থাকতে দেখেন। ঘটনাটি তারা স্থানীয় হোগলাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল হককে জানালে তিনি ডাক্তার নিয়ে আসেন। ডাক্তার ওই তিনজন মৃত বলে জানান। লাশের সুরতহাল করেছেন মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, "নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন‎ পাওয়া যায়নি। তবে মুখমণ্ডল কিছুটা নীলচে রং ধারণ করেছে।" মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার শিকদার, মোরেলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট ও মোরেলগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/১৯৩৯ ঘ.