জামালপুর, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আওয়ামী লীগের মিছিলে হামলার অভিযোগে জামালপুরে বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার রাতে সরিষাবাড়ি থানায় মামলাটি দায়ের করেন সরিষাবাড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম।
আসামিদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরিদুল কবীর তালুকদার শামীম ও তার ভাই উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফয়জুল কবীর তালুকদার শাহীনসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন বলে জানান সরিষাবাড়ি থানার ওসি জাকির হোসেন।
মামলার বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত ৮টার দিকে আওয়ামী লীগ সরিষাবাড়ির আরামনগর বাজারে একটি মিছিল বের করলে শামীম তালুকদারের নেতৃত্বে মিছিলে হামলা চালায় বিএনপির কর্মী সমর্থকরা।
এ সময় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১১ ঘ.
bdnews24