নড়াইল, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নড়াইলের একটি আদালত। এ ছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাভোগ করতে হবে।
রোববার জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম এ রায় দেন।
মণ্ডিত নিজাম মোল্যা (৩৯) সদর উপজেলার তালতলা গ্রামের প্রয়াত খালেক মোল্যার ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ৪ মার্চ নিজাম মোল্যা তার স্ত্রী মিসিরোন নেছাকে (৩০) গলা টিপে হত্যা করে পাশের বল্লারটোপ গ্রামের একটি বাগানে ফেলে রাখেন।
এরপর গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানায় তার স্ত্রী মিসিরোন নেছা হারিয়ে গেছে বলে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশের সন্দেহ হয়। এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদে নিজাম স্ত্রী হত্যার কথা স্বীকার করেন। তার কথামতো বল্লারটোপ গ্রামের ওই বাগান থেকে মিসিরোনের লাশ উদ্ধার করা হয়।
সিসিরোনের ভাই আব্দুল করিম বাদী হয়ে পরদিন নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। মিসিরোন বল্লারটোপ গ্রামের হোসেন মোল্যার মেয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০১ ঘ.
bdnews24