২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'র‌্যাংকসটেলের সংযোগ বিচ্ছিন্ন কেন অবৈধ নয়'

র‌্যাংকসটেলের সংযোগ বিচ্ছিন্ন করা কেন অবৈধ হবে না, তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2010, 11:44 AM

Updated : 24 Aug 2022, 07:44 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাংকসটেলের সংযোগ বিচ্ছিন্ন করা কেন অবৈধ হবে না, তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট। বেসরকারি এ ল্যান্ডফোন কোম্পানির চেয়ারম্যান এ রউফ চৌধুরীর রিট আবেদনে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এটিএম ফজলে কবীরের বেঞ্চ রোববার এ আদেশ দেয়। আদালত কারণ জানাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ও টেলিযোগাযোগ সচিবকে সাত দিন সময় দিয়েছে। র‌্যাংকসটেলের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক ও আনিসুল হক। বৃহস্পতিবার রাতভর তেজগাঁও শিল্প এলাকায় নভো টাওয়ারে র‌্যাংকসটেলের কার্যালয়ে অভিযান চালায় বিটিআরসি ও র‌্যাব। সেখান থেকে ভিওআইপি সরঞ্জাম জব্দ করা হয়েছে জানিয়ে র‌্যাংসটেলের সুইচ রুম সিলগালা করে দেয় বিটিআরসি। এরপর থেকে র‌্যাংকসটেলের সাড়ে ৩ লাখ গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন বলে ওই কোম্পানির দাবি। শুনানিতে র‌্যাংকসটেলের আইনজীবীরা বলেন, আইন অনুযায়ী এ ধরনের পদক্ষেপ নিতে হলে আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নোটিশ দিতে হয়। কিন্তু এক্ষেত্রে সে আইন মানা হয়নি। বিটিআরসি স্বেচ্ছাচারী ভূমিকা পালন করেছে। তারা বলেন, একই অভিযোগে এর আগে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও অ্যাকটেলকে জরিমানা করা হলেও তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। অবৈধ ভিওআইপি ব্যবসার অভিযোগে র‌্যাংকসটেলের চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলাও করেছে বিটিআরসি। ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে প্রতিষ্ঠানের তিন কর্মকর্তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩০ ঘ.