২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগ নেতা খুনের মামলার আসামি মহিলা দলের নেত্রী

জামালপুরে সরকার সমর্থক যুবনেতা মাসুদ হত্যার অভিযোগে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীসহ ১৮ জনকে আসামি করে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2010, 05:04 AM

Updated : 24 Aug 2022, 07:45 PM

জামালপুর, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরে সরকার সমর্থক যুবনেতা মাসুদ হত্যার অভিযোগে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীসহ ১৮ জনকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বকশীগঞ্জ বাজারে যুবলীগের উপজেলা কমিটির সদস্য মাসুদুর রহমানকে (২৫) হাতুড়ি দিয়ে পেটানোর পর রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের জন্য স্থানীয় আওয়ামী লীগ উপজেলা মহিলা দলের সভানেত্রী এবং বকশীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রহিমা বেগমের অনুসারীদের দায়ী করে আসছে। বকশীগঞ্জ থানার ওসি নাসিরউদ্দিন আহম্মেদ জানায়, মাসুদের ভাই সাখাওয়াত হোসেন বাদি হয়ে শনিবার রাতে রহিমা বেগমসহ ১৮ জনকে আসামি করে একটি মামলা করেছেন। মামলার এক আসামি সালেহা বেগমকে পুলিশ রাতেই গ্রেপ্তার করছে বলে ওসি জানান। এদিকে মাসুদের লাশ নিয়ে শনিবার বিকালে উপজেলা সদরে মিছিল হয়েছে। এতে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন এবং জাতীয় পার্টির নেতা-কর্মীরা অংশ নেয়। বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় সাংবাদিকদের বলেন, জুয়া ও অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় মাসুদকে হত্যা করা হয়েছে। আর এর জন্য দায়ী রহিমা বেগমের অনুসারীরা। এদিকে মাসুদ হত্যার পর থেকে মহিলা ভাইস চেয়ারম্যান রহিমা গা ঢাকা দিয়েছে বলে স্থানীয়রা জানায়। সাংবাদিকরা তার মোবাইলে ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৫১ ঘ.