ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট সব আর্থিক প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
শনিবার ঢাকা মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, "এই খুনিরা নিজেদের বাঁচাতে বিভিন্ন অপকৌশল করবে, টাকা ছড়াবে। জামায়াতের ব্যাংক, ইন্সুরেন্স কম্পানি, হাসপাতালসহ আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে কোটি কোটি টাকা আয় হয়।"
কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরীর উপস্থিতিতে প্রতিমন্ত্রী আরো বলেন, "এই অর্থ তারা আগে জঙ্গীদের পেছনে ব্যয় করতো। এখন যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে ব্যয় করবে। এখানে মতিয়া আপা (মতিয়া চৌধুরী) উপস্থিত আছেন। আমি এসব প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার আহবান জানাবো।"
জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে হযরত মোহাম্মদ (সঃ) এর 'সমকক্ষ' বলার প্রতিবাদে ও জামাতকে নিষিদ্ধ করার দাবিতে বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সিরাতুন্নবী উপলক্ষে বুধবার ছাত্রশিবিরের এক আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর শাখার আমির রফিকুল ইসলাম খান বলেছিলেন, "ইসলামের দাওয়াত দেওয়ার সময় মহানবী হযরত মোহাম্মদ (সঃ)- এর বিরুদ্ধে মিথ্যাচার হয়েছে। তেমনি আজ বাংলাদেশে নিজামীর বিরুদ্ধেও মিথ্যাচার ও ষড়যন্ত্র হচ্ছে।"
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, "দালালী যুগ যুগ ধরে জামায়াতের ধর্ম। এই জামাত ইসলাম ধর্মে বিশ্বাস করে না। তারা ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে। আর সব অধর্মের কাজ করে।"
যুদ্ধাপরাধে জড়িত জামায়াত নেতারা ধর্মকে ব্যবহার করে বাঁচতে চায় দাবি করে মতিয়া বলেন, নিজামীরা আইনের দড়ি এড়াতে পারবে না। তারা সিন্ডিকেট সৃষ্টি করে জিনিষের দাম বাড়াতে চেয়েছিলো, অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিলো। কিন্তু, তা পারেনি।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক জামায়াতকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বলেন, যে সব প্রতিষ্ঠানের অর্থ দিয়ে জঙ্গীবাদ সৃষ্টি করা হয়েছিলো। সেসব প্রতিষ্ঠান নিষিদ্ধ করতে হবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, ফয়েজউদ্দিন মিয়া, শেখ বজলুর রহমান, মুকুল বোস, হাজী মোহাম্মদ সেলিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১১৩৭ ঘ.
bdnews24