২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদে বিজ্ঞানীদের মেলা

সবজি থেকে কাপড়ের রং, স্বল্পমূল্যের সুতা- এ রকম নানা প্রযুক্তি নিয়ে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) এর ধানমণ্ডি ক্যাম্পাস মাঠে জড়ো হয়েছে কয়েকশ ক্ষুদে বিজ্ঞানী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2010, 12:52 PM

Updated : 24 Aug 2022, 07:42 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সবজি থেকে কাপড়ের রং, স্বল্পমূল্যের সুতা- এ রকম নানা প্রযুক্তি নিয়ে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) এর ধানমণ্ডি ক্যাম্পাস মাঠে জড়ো হয়েছে কয়েকশ ক্ষুদে বিজ্ঞানী। 'তরুণ বিজ্ঞানীর খোঁজে বিসিএসআইআর বিজ্ঞান মেলা' স্লোগানে সায়েন্সল্যাব নাম পরিচিত বিসিএসআইআর-এর উদ্যোগে চারদিন ব্যাপী এ মেলা শনিবার শুরু হয়েছে। সবজির বাকলের রস থেকে কাপড়ের রং তৈরি- এ প্রকল্প নিয়ে মেলায় এসেছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজের তাসনীম আলী জয়। শশা, গাজর জাতীয় সবজির সঙ্গে পরিমাণ মতো কপার সালফেট ও পটাশিয়াম পার ম্যাঙ্গানেট মিশিয়ে সহজেই পরিবেশবান্ধব কাপড়ের রঙ তৈরি করেছে সে ও তার সঙ্গীরা। আগারগাঁও তালতলা সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়ের শায়লা জান্নাত, জেসমিন আক্তার এনেছে স্বল্পমূল্যে সূতা তৈরি; কম খরচে পরিবশেবান্ধব কেরোসিনের চুলা নিয়ে এসেছে ফিউরি আহমেদ। মাড়াই কল নিয়ে হাজির হয়েছে মৌমিতা ও ফারহানা ইসলাম, বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজের রিফাত এনেছে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক প্রযুক্তি; ভিকারুন্নেসার জেরিন তাসনিম এনেছে ডিজিটাল সড়ক ব্যবস্থাপনা; নটরডেম কলেজের সাঞ্জু, অভিজিত ও নাফিউল এনেছে ডিজিটাল ভোটিং সিস্টেম। "আমরা কী করতে পারি, মানুষ কী করতে পারে-এমন উদ্ভাবনগুলোর বিষয়ে জানতে পারছি এ মেলায়", বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললো উদয়ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তাসনিম আকবর ফারুকী। দেশের উপকারে ও সাধারণের অর্থ সাশ্রয়ের জন্যই নানা ধরনের পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের বিষয়টি তুলে ধরা হচ্ছে বলে ওই শিক্ষার্থী জানায়। এবার মেলায় কয়েকশ প্রতিষ্ঠানের অংশগ্রহণে স্টল রয়েছে দেড় শতাধিক। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে। সকালে মেলা উদ্বোধনের সময় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, "এ দেশ আগামী প্রজন্মের। নবীন ও তরুণ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে সৃষ্টিশীল কাজে। ডিজিটাল বাংলাদেশ গড়তে তরুণ বিজ্ঞানীদের ভূমিকা রাখতে হবে।" বিসিএসআইআর'র চেয়ারম্যান অধ্যাপক এসএম ইমামুল হক বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় উৎসাহ যোগাতেই এ আয়োজন। "দেশের প্রত্যন্ত অঞ্চলের ও নগরের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং আগামী দিনের বিজ্ঞানী তৈরিই এ মেলার মূল লক্ষ্য", বলেন তিনি। মেলায় বিসিএসআইআর'র বিজ্ঞানীদের উদ্ভাবিত নানা প্রযুক্তি ও পণ্যও প্রদর্শন করা হচ্ছে। উদ্ভাবিত প্রযুক্তি গ্রহণকারী শিল্পোদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৮৪৫ ঘ.