গাজীপুর, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানায় শনিবার সকালে আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে পদদলিত হয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন।
সদর উপজেলার মালেকের বাড়ি এলাকায় ম্যাট্রিক্স গার্মেন্টস কারাখানায় এ দুর্ঘটনা ঘটে। তবে কারখানাটিতে আগুন ধরেনি।
নিহত বিলকিস আক্তার (৩০) ওই কারখানার নিটিং অপারেটর ছিলেন। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নিমেরটেক এলাকার মো. জামানের স্ত্রী।
এই ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শনিবার সকালে আধঘণ্টার মতো গাড়ি চলাচল বন্ধ থাকে বলে জানান সদর থানার উপ-পরিদর্শক সুজায়েত হোসেন।
তিনি জানান, আহতদের মধ্যে সায়েমা (৪০), রহিমা (৩২), জাহানারা (২৮), হেলেনা (২২), নাজমা (২৬), সুর্জিনা (১৮), মিনা (২২), হাসু বেগম (২১), রেজিয়া (২১), মারিয়া (২৩), মাজেদা (২৫), রাহেলা (২১), হাসিনা (২৪), আক্তারা বেগম (৩৫), চায়না (২৭), তারাবানু (৩৫), সেলিনা (২৩), আমেনা (২০), মর্জিনা (২০), মোর্শেদা (২৩), আনোয়ারা (২৫), খোদেজা (২৪), জাকিয়া (২০), চায়না (২২), রীনা (২২), সুমি আক্তার (২৪), মরিয়ম (২০), হনুফা (৩২), জোসনা (৩০) ও মনোয়ারাকে (৪০) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
গাজীপুরের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮টার দিকে কারাখানার ৬ষ্ঠ তলায় একটি টিউব লাইটের ব্যালাস্ট হঠাৎ বিকট শব্দে ফেটে আগুন ধরেই আবার নিভে যায়। এ ঘটনায় কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামার সময় পায়ের নিচে পড়ে ৩১ জনের মতো শ্রমিক আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে বিলকিস মারা যান।
আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছড়া বিলকিসের লাশ তার স্বামীর কাছে দিয়ে দেওয়া হয়।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান মো. সালাউদ্দিন আলমগীর নিহতের পরিবারকে বীমার এক লাখ টাকাসহ মোট চার লাখ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৭৪১ ঘ.
bdnews24