ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক সমর্থন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
তবে বাংলাদেশের এ উদ্যোগ বাধাগ্রস্ত করতে পাকিস্তান চেষ্টা চালায় বলে অভিযোগ করেছেন তিনি।
আইনমন্ত্রী শনিবার এক আলোচনা অনুষ্ঠানে বলেন, "পাকিস্তান বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করে চেষ্টা করেছিলো যুদ্ধবন্দিদের বিচার বন্ধ করতে। কিন্তু আমরা বলেছি, বাংলাদেশ কোনো যুদ্ধবন্দির বিচার করছে না।"
"বিচারের এ উদ্যোগে আন্তর্জাতিক মহল বাংলাদেশকে সমর্থন দিয়ে বলেছে, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে কোনো দেশের হস্তক্ষেপ করা সমীচীন হবে না।"
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার এক সপ্তাহের মাথায় আইনমন্ত্রী একথা বললেন।
তিনি বলেন, "যারা বাংলাদেশের নাগরিক একাত্তরের যুদ্ধের সময় গণহত্যা, মনবতার বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধাপরাধ করেছে তাদেরই বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হয়েছে।"
রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত আলোচনা অনুষ্ঠানে শফিক দাবি করেন, একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রসহ অনেকগুলো দেশ সমর্থন জানিয়েছে।
অধিকারের সভাপতি সি. আর আবরার-এর সভাপতিত্বে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি)-এর রোম সংবিধিতে বাংলাদেশের অনুসমর্থনের বিষয়ে এ আলোচনা হয়।
আলোচনায় অংশ নেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ফোরাম এশিয়ার চেয়ারম্যান সুবোধ রাজ পাকুরেল, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আরস হেরেন, সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ জমির, কোয়ালিশন ফর দি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (সিআইসিসি)-এর প্রোগ্রাম অ্যাসোসিয়েট রেবেকা ডি ই লোজাডা প্রমুখ।
আইসিসি-এর রোম সংবিধিতে বাংলাদেশের অনুসমর্থনের বিষয়ে শফিক আহমেদ বলেন, "সরকার ইতিমধ্যেই আইসিসি রোম সংবিধিতে অনুসমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে অনুমোদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হয়েছে। অল্প কয়েক দিনের মধ্যেই তা মন্ত্রিসভায় চূড়ান্ত হবে।"
এর ফলে যুদ্ধাপরাধের বিচারে বাংলাদেশ লাভবান হবে কিনা- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "অতীতের ঘটনার বিচারে আমরা ১৯৭৩ সালের আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল(অ্যাক্ট) সংশোধন করেছি। তবে ভবিষতে এই ধরনের বিচারের জন্য বিভিন্নভাবে বাংলাদেশ সহায়তা পাবে।"
১৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি)-এর রোম সংবিধিতে অনুসমর্থনের বিষয়টি আলোচ্যসূচিতে থাকলেও তা যাচাই-বাছাইয়ের জন্য ফেরত পাঠানো হয়।
আলোচনায় সভায় বক্তারা রোম সংবিধিতে বাংলাদেশের অনুসমর্থনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৪০০ ঘ.
bdnews24