২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ-গুলি, আহত ২০

সিলেটের বালাগঞ্জের একটি গ্রামে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2010, 07:45 AM

Updated : 24 Aug 2022, 07:43 PM

সিলেট, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বালাগঞ্জের একটি গ্রামে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। ওসমানীনগর থানার গলমুকাপন গ্রামে শুক্রবার রাত ৮টার দিকে এ সংঘর্ষ বাঁধে বলে পুলিশ জানায়। সংঘর্ষের সময় গোলাগুলি হয়েছে বলে স্থানীয়রা জানালেও পুলিশ বলছে, আহতদের কেউ গুলিবিদ্ধ নয়। ওসমানীনগর থানার ওসি নুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গলমুকাপন গ্রামের সরকারি বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে ওই গ্রামের উত্তর ও দক্ষিণপাড়ার মধ্যে ফুটবল খেলার সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। এর জের ধরে রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে পুলিশ জানায়। সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়। তবে ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার হয়েছে এবং কেউ গুলিবিদ্ধ নন বলে জানান পুলিশ কর্মকর্তা নুর আলম। আহতদের মধ্যে কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এরা হলো- শমসাদ (৩২), শাকির (২০), হুছন (৩০), আব্দুল আলিম (৩২), মাসুম (৩০), আশক (৩৫), সাহেদ (২৫), মারুফ (৩০), মুজাক্কির (১৮), মুরাদ (২৯), নজির (৩৩), মোহাম্মদ আলী (২৪), শিপন (২৬), বকুল (৩২), জালাল (২৩) ও হুছন (২৫)। সংঘর্ষের পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে ওসি শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩৪০ ঘ.