মৌলভীবাজার, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার কমলগঞ্জ উপজেলা সদরে শুক্রবার বিএনপি নেতাকর্মীদের হামলায় ওসিসহ ১১ পুলিশ সদস্য আহত হয়েছে।
হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বলে জানিয়েছেন কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।
পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী ও তার ভাই উপজেলা চেয়ারম্যন শামীম আহমদ চৌধুরীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
হামলায় আহতরা হলেন- ওসি মো. নাজিম উদ্দিন (৪৫), উপ-পরিদর্শক সাইফুল ইসলাম (৩৩), বদরুল আলম (৩০), সৈয়দ মাহবুবুর রহমান (৩৩), জেলা বিশেষ শাখার পুলিশ সদস্য সৈয়দ আল আজাদ (৩৮), শিক্ষানবিশ উপ-পরিদর্শক রমাপ্রকাশ চক্রবর্তী (২৮), সুমন কুমার চৌধুরী (২৯), পরিমল চন্দ্র দেব (২৯), ফরিদ উদ্দিন (২৯), কনস্টেবল আবু বক্কর (২৩) ও দাঙ্গা পুলিশের নায়েক সিরাজুল ইসলাম (২৬)।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. এ কে এম শামসুদ্দিন।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিএনপি নেতা মুজিব কমলগঞ্জ উপজেলা সদরে পৌঁছালে তার গাড়িবহরের কারণে যানজট লেগে যায়। সদরের চৌমুহনী চত্বরে পুলিশ তাকে গাড়ি থেকে নামার অনুরোধ করে।
এক পর্যায়ে মুজিবের সঙ্গে থাকা বিএনপি নেতাকর্মীরা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরপর প্রায় ৭-৮শ লোক উত্তেজিত হয়ে মিছিল করতে শুরু করে। এ সময় মিছিলের পিছন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়।
পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা ও চার রাউন্ড কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে।
এই সময় পুলিশ কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর গোলাম মুগ্নি মুহিত, গোলাম মাওলা ইসমত ও বিএনপি কর্মী মোসাব্বিরকে গ্রেপ্তার করে।
বাধার মুখে বিএনপি কর্মীরা মুজিব ও উপজেলার চেয়ারম্যান শামীমকে নিয়ে মিছিল সহকারে উপজেলা বিএনপির একাংশের দলীয় কার্যালয়ের দিকে অগ্রসর হয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর হামরা চালায় বলে এসআই সাইফুল জানান।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ আরো পাঁচ রাউন্ড কাঁদানে গ্যাস শেল ছোড়ে। সেখান থেকে গ্রেপ্তার করা হয় মুজিব ও শামীমকে।
কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামীম অর্থ পাচার মামলায় শুক্রবার জামিনে মুক্তি পান।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট শ্যামল কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনার পরপরই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলার ঘটনায় পুলিশ বাদি মামলার প্রস্তুতি চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৯ ঘ.
bdnews24