২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলিন্ডার থেকে আগুনে চট্টগ্রামে আহত সাত

গ্যাস সিলিন্ডার ফুটো হয়ে বাসে আগুন লেগে নগরীর বহদ্দারহাটে একটি গ্যারেজে শুক্রবার সাতজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2010, 02:25 PM

Updated : 24 Aug 2022, 07:41 PM

চট্টগ্রাম, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস সিলিন্ডার ফুটো হয়ে বাসে আগুন লেগে নগরীর বহদ্দারহাটে একটি গ্যারেজে শুক্রবার সাতজন আহত হয়েছেন। আহতরা হলেন- তৌহিদ, মো. ইউসুফ, রুহুল আমিন, আলী হোসেন, মো. মাহফুজ, উত্তম ও আইয়ুব আলী। আহতরা সবাই বাসের হেলপার ও ওই গ্যারেজের কর্মচারি। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে দশটার দিকে বাস টার্মিনাল সংলগ্ন বাবুল মিস্ত্রীর শাহ আমানত মোটর ওয়ার্কশপে বাস মেরামতের সময় সিলিন্ডার ফুটো হয়ে আগুন ধরে যায়। এসময় গ্যারেজে থাকা তিনটি বাসও পুড়ে যায়। চমেক বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিৎসক ডা. মোহাম্মদ খালেদ জানান, অগ্নিকাণ্ডে আহত তৌহিদের অবস্থা আশঙ্কাজনক। চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাবুল মিস্ত্রীর মালিকানাধীন এই গ্যারেজে কক্সবাজার রুটের একটি বাস (চট্টগ্রাম জ-২৩৩১) মেরামতের সময় সিলিন্ডার ফুটো হয়ে আগুন লাগে। এসময় পাশে থাকা আরো দুটি বাসেও আগুন লাগে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মী বিশু দাশ বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে জানান, আগুনে তিনটি বাস ও গ্যারেজের প্রায় ছয় লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০১১ ঘ.