২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমনে ব্যর্থতায় গমে ঝুঁকছে সরকার

আমন সংগ্রহ অভিযান ব্যর্থ হওয়ায় অভ্যন্তরীণ খাদ্য চাহিদা মেটানো এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক বিভিন্ন প্রকল্প চালিয়ে নিতে সাড়ে চার লাখ টন গম আমদানি করছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2010, 08:12 AM

Updated : 24 Aug 2022, 07:42 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমন সংগ্রহ অভিযান ব্যর্থ হওয়ায় অভ্যন্তরীণ খাদ্য চাহিদা মেটানো এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক বিভিন্ন প্রকল্প চালিয়ে নিতে সাড়ে চার লাখ টন গম আমদানি করছে সরকার। পাঁচটি প্রতিষ্ঠানের মাধ্যমে রাশিয়া ও তুরস্ক থেকে এ গম আমদানি ইতিমধ্যে শুরু হয়েছে বলে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশে বর্তমানে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ থাকলেও উৎপাদন পরিস্থিতির কারণে সরকার কিছুটা সমস্যায় রয়েছে। এ অবস্থায় বিভিন্ন দেশ থেকে চাল আমদানির প্রস্তাব পাওয়া গেলেও শুধু ভারতই 'সিদ্ধ' চাল রপ্তানি করে। "কিন্তু উৎপাদন কম হওয়ায় ভারত এবার চাল রপ্তানি করছে না। থাইল্যান্ড ও মিয়ানমারসহ অন্য যেসব দেশ চাল দিতে চায়, তারা আতপ চাল বিক্রি করে। তাই সেখান থেকে বেশি চাল আনাও যাচ্ছে না। এ অবস্থায় সরকার গম আমদানি করে খাদ্য চাহিদা মেটানোর উদ্যোগ নিয়েছে।" এবার আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিলো ৩ লাখ টন। এর মধ্যে মাত্র ২২ হাজার টন সংগ্রহ করা গেছে বলে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান। তারা বলেন, বর্তমানে দেশের গুদামগুলোতে প্রায় সাড়ে সাত লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। তবে আগামী বোরো মৌসুমের খাদ্য উৎপাদন পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত সরকার এ মজুদ বাজারে ছাড়বে না। খাদ্যমন্ত্রী জানান, উপজেলা পর্যায়ে টিআর (টেস্ট রিলিফ) বরাদ্দ দেওয়ার প্রস্তুতি রয়েছে সরকারের। তবে আমদানি করা পুরো গম এসে না পৌঁছায় তা দিতে কিছুটা দেরি হচ্ছে। আগামী ২৬ মার্চের আগেই টেস্ট রিলিফের (টিআর) জন্য এ বছরের প্রথম গমের বরাদ্দ ছাড় করতে চায় মন্ত্রণালয়। এ মাসেই তিন লাখ মেট্রিক টন গম দেশে পৌঁছানোর কথা রয়েছে। আর আগামী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে পুরো ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন গমই দেশে এসে পৌঁছবে। ১২ এপ্রিল আসবে শেষ চালানটি। রাজ্জাক বলেন, "আগামী ২৬ মার্চের আগেই এ গম ছাড় করা সম্ভব হবে। এতে এ মৌসুমে কর্মহীন সাধারণ মানুষের জন্য খাদ্যের সরবরাহ কিছুটা বাড়বে। একইসঙ্গে গ্রামীণ অবকাঠামোরও কিছুটা সংস্কার হবে।" দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি মৌসুমে এখনো কোনো প্রকল্পে গম বরাদ্দ দেওয়া হয়নি। টিআর প্রকল্পের মাধ্যমেই প্রথম গম বরাদ্দ দেওয়া শুরু হচ্ছে। পরবর্তীতে অন্য কর্মসূচিগুলোতেও গম বরাদ্দ দেওয়া হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এমআই/১৪০০ ঘ.