২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূয়া ভর্তি বাতিল, ইউ. ল্যাব স্কুলের অধ্যক্ষ লাঞ্ছিত

ভূয়া ছাত্র-ছাত্রীদের ভর্তি বাতিল করায় ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করেছেন ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2010, 05:06 PM

Updated : 24 Aug 2022, 07:39 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূয়া ছাত্র-ছাত্রীদের ভর্তি বাতিল করায় ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করেছেন ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা। বৃহস্পতিবার সকালে স্কুলের সামনে অধ্যক্ষ মো. হাবিবুর রহমানকে লাঞ্ছিত করেন অভিভাবকরা। এ প্রসঙ্গে অধ্যক্ষ বলেন, "সকালে অভিভাবকরা স্কুলের সামনে আমার ওপর চড়াও হয়। তর্কাতর্কির এক পর্যায়ে তারা আমাকে ধাক্কা মারে।" ভূয়া ভর্তি ও অধ্যক্ষকে লাঞ্ছনার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। হাবিবুর বলেন, "ভর্তি কমিটি দ্বিতীয় শ্রেণীর খ শাখায় ২৫ জন শিক্ষার্থীর ভর্তি ভূয়া বলে শনাক্ত করে। ১৫ মার্চ স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা ও ভর্তি কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে তাদের ভর্তি বাতিলের সিদ্ধান্ত হয়।" ১৬ মার্চ ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের তালিকা নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয় বলে জানান তিনি। ঘটনা প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের বলেন, "কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।" কমিটির প্রধান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) পরিচালক অধ্যাপক ড. সালমা আখতারকে। ইনস্টিটিউটের শিক্ষক মো. ফজলুর রহমান কমিটির সদস্য সচিব । কমিটিকে ২১ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২৫৭ ঘ.