২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চ ধর্মঘট: মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠকে সরকার

চলমান লঞ্চ ধর্মঘট অবসানে মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক বসেছেন নৌমন্ত্রী শাজাহান খান। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2010, 02:59 PM

Updated : 24 Aug 2022, 07:39 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলমান লঞ্চ ধর্মঘট অবসানে মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক বসেছেন নৌমন্ত্রী শাজাহান খান। প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মধ্যস্থতায় তার হেয়ার রোডের বাসায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে বৈঠক শুরু হয়। বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম, লঞ্চ মালিকদের সংগঠন অভ্যন্তরীন নৌ পরিবহন (যাত্রী) সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ, নৌ-যান শ্রমিক ফেডারেশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি শাহ আলম, চৌধুরী আশিকুল আলম, জাহাজি শ্রমিক ফেডারেশনের শুক্কুর মাহমুদ ও জাহাঙ্গীর আলম প্রমুখ নেতা উপস্থিত রয়েছেন। বৈঠকে জাহাজি শ্রমিক ফেডারেশনের একটি বেতন কাঠামোর প্রস্তাব উত্থাপন করা হয়। বেতন বৃদ্ধি ও নৌ নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার থেকে ধর্মঘট শুরু করে দেশের নৌযান শ্রমিকরা। এতে দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন এলাকার নৌযাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে ধর্মঘট প্রত্যাহার সাপেক্ষে আলোচনায় বসার প্রস্তাব দেয় নৌযান মালিকরা। ধর্মধট চলমান অবস্থায়ই ত্রিপক্ষীয় আলোচনা শুরু হলো। শ্রমিকদের দাবি পূরণের বিষয় নিয়ে বৃহস্পতিবার দুপুরে শ্রম অধিদপ্তরের পরিচালক আবু তালেবের সঙ্গে বৈঠকের পর লঞ্চ মালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌপরিবহন (যাত্রী) সংস্থার নেতারা আলোচনায় বসতে রাজি হন। শ্রম পরিচালকের সঙ্গে বৈঠকের পর অভ্যন্তরীণ নৌ পরিবহন (যাত্রী) সংস্থার চেয়ারম্যান মাহবুবউদ্দিন আহমেদ বীরবিক্রম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আলোচনায় বসতে হলে আগে শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএম/পিডি/২১৫৬ ঘ.