২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা নির্যাতনের খবর সত্য নয়

আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত রোহিঙ্গা শরণার্থীদের ওপর অত্যাচার ও নির্যাতনের সংবাদ প্রত্যাখ্যান করেছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2010, 12:45 PM

Updated : 24 Aug 2022, 07:40 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত রোহিঙ্গা শরণার্থীদের ওপর অত্যাচার ও নির্যাতনের সংবাদ প্রত্যাখ্যান করেছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের খাদ্যমন্ত্রী বলেন, "কোন শরণার্থীকে নির্যাতনের খবর সত্য নয়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো অসত্য সংবাদ পরিবেশন করছে।" "এক্ষেত্রে কিছু বেসরকারি সংস্থা (এনজিও) তাদের সহায়তা করছে," জানিয়ে তিনি বলেন, "তাদের কর্মকাণ্ড তদন্ত করে ব্যবস্থা নিতে এনজিও ব্যুরোকে নির্দেশ দেওয়া হয়েছে।" বাংলাদেশে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ক্রেইগ স্যান্ডারের সঙ্গে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন রাজ্জাক। খাদ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ক্রেইগ স্যান্ডার অনিবন্ধিত শরণার্থীদের নিবন্ধনের আওতায় আনতে হস্তক্ষেপ কামনা করেন। তবে এ বিষয়ে স্যান্ডার গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোন কথা বলেননি। রাজ্জাক বলেন, "কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরের আশপাশে ছড়িয়ে থাকা অনিবন্ধিত শরণার্থীদের নিবন্ধনে জাতিসংঘ চাপ দিচ্ছে। বাংলাদেশ এ ব্যাপারে দ্বিমত প্রকাশ করে বলেছে, এদের নিবন্ধন করে সুযোগ-সুবিধা দেওয়া হলে আরো রোহিঙ্গা এদেশে আসতে উৎসাহিত হবে। "বাংলাদেশ চায়, মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিক," জানান খাদ্যমন্ত্রী। এজন্য কুটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, "ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে মিয়ানমার তাদের ফিরিয়ে নিতে সম্মতও হয়েছে।" তবে মিয়ানমারের প্রতিশ্র"তিতে বাংলাদেশ নিশ্চিত হতে পারছে না বলে জানান রাজ্জাক। সরকারি হিসাব অনুযায়ী, কক্সবাজারের কুতুপালং ও নয়াপাড়ায় দুটি শরণার্থী শিবিরে বর্তমানে দুই হাজার নয়শ ৬৯টি রোহিঙ্গা শরণার্থী পরিবার রয়েছে। এতে মোট ২৪ হাজার তিনশ ৩১ জন শরণার্থী রয়েছে। খাদ্যমন্ত্রী জানান, সরকারি হিসেবে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা প্রায় সাড়ে ২৪ হাজার হলেও দেশে বর্তমানে অনিবন্ধিত প্রায় চার লাখ শরণার্থী রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/পিডি/১৮৩৯ ঘ.