২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘট প্রত্যাহারের শর্তে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান

শ্রমিকদের দাবি নিয়ে আলোচনায় বসতে রাজি হলেও ধর্মঘট প্রত্যাহারের শর্ত দিয়েছে নৌযান মালিকরা। তবে তাদের এ প্রস্তাব শ্রমিকরা প্রত্যাখ্যান করায় তিনদিন পরও নৌ চলাচলে অচলাবস্থা কাটার কোনো ইঙ্গিত মিলছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2010, 11:06 AM

Updated : 24 Aug 2022, 07:40 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকদের দাবি নিয়ে আলোচনায় বসতে রাজি হলেও ধর্মঘট প্রত্যাহারের শর্ত দিয়েছে নৌযান মালিকরা। তবে তাদের এ প্রস্তাব শ্রমিকরা প্রত্যাখ্যান করায় তিনদিন পরও নৌ চলাচলে অচলাবস্থা কাটার কোনো ইঙ্গিত মিলছে না। বেতন বৃদ্ধি ও নৌ নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার থেকে ধর্মঘট শুরু করে দেশের নৌযান শ্রমিকরা। এর ফলে দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন এলাকার নৌযাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। শ্রমিকদের দাবি পূরণের বিষয় নিয়ে বৃহস্পতিবার দুপুরে সরকারের সঙ্গে বৈঠকের পর লঞ্চ মালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌপরিবহন (যাত্রী) সংস্থার নেতারা আলোচনায় বসতে রাজি হয়। শ্রম পরিচালকের সঙ্গে বৈঠকের পর অভ্যন্তরীন নৌ পরিবহন (যাত্রী) সংস্থার চেয়ারম্যান মাহবুবউদ্দিন আহমেদ বীরবিক্রম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলোচনায় বসতে হলে আগে শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করতে হবে। "আমরা শ্রম পরিচালককে বলেছি, আগে ধর্মঘট প্রত্যাহার করতে বলুন, আমরা আলোচনায় বসতে রাজি। আলোচনায় টেবিলে দাবি-দাওয়ার সমাধান হতে পারে।" তার এ প্রস্তাবের পর ধর্মঘট আহ্বানকারী নৌযান শ্রমিক ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করা হলে সংগঠনের যুগ্ম সম্পাদক দ্বীন মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্মসূচি প্রত্যাহার করে আলোচনায় বসার প্রস্তাব অবান্তর। আলোচনা চাইলে এ অবস্থায়ই করতে হবে। তিনি বলেন, "মালিক সমিতি ও সরকার বারবার চুক্তি করেও তার বাস্তবায়ন করছে না। গত বছরের নভেম্বরে সর্বশেষ চুক্তি হয়েছে কিন্তু তার ফলাফল নেই।" সমস্যার সমাধান চাইলে ধর্মঘট চলা অবস্থাতেই আলোচনায় বসার জন্য লঞ্চ মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শ্রম অধিদপ্তরের পরিচালক আবু তালেবের সঙ্গে লঞ্চ মালিকদের একটি প্রতিনিধি দল প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেন। বৈঠকে ধর্মঘটের কারণে জনদুর্ভোগ এবং শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এমআই/১৬৫৫ ঘ.