ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধ তদন্ত সংস্থা ২৬ মার্চের আগেই গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
একই সময়ে আদালত গঠন করা হবে বলেও জানান তিনি।
মন্ত্রী এর আগে মার্চের প্রথম সপ্তাহে যুদ্ধাপরাধ তদন্ত সংস্থা ও আদালত গঠনের কথা বললেও তা হয়নি। তবে বৃহস্পতিবার সময়ের পাশাপাশি তদন্ত সংস্থা ও আদালতের সদস্য সংখ্যাও বলেছেন তিনি।
শফিক আহমেদ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "তদন্ত সংস্থা হবে ১২ সদস্যের, এর প্রধান হবেন পুলিশের অবসরপ্রাপ্ত একজন মহাপরিদর্শক।"
একইভাবে সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে তিনটি ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে তিনি জানান।
আইনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার 'যুদ্ধাপরাধ আইন'-এ নয়, বিচার হবে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট এর আওতায়।
"যুদ্ধকালে যে সব অপরাধ মানবতাবিরোধী বলে চিহ্নিত, তার সবই এ আইনের আওতায় পড়ে", বলেন শফিক।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে দেখা করার পরই সাংবাদিকদের সঙ্গে কথা হয় আইনমন্ত্রীর। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম তার সঙ্গে ছিলেন।
আইনমন্ত্রী ও প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন।
যুদ্ধাপরাধ বিচারে আদালত ও কৌঁসুলী নিয়োগ করবে আইন মন্ত্রণালয় এবং তদন্ত সংস্থা নিয়োগ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৈঠকের বিষয়ে জানতে চাওয়া হলে শফিক বলেন, তদন্ত সংস্থা ও আদালত গঠনের বিষয়ে কথা হয়েছে। এ বিষয়ে আরো কথা হবে।
যুদ্ধাপরাধীদের তালিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, "তদন্ত সংস্থা নিয়োগ করা হলে, তারাই তদন্ত করে এ তালিকা চূড়ান্ত করবে। তারা আদালতে অভিযোগ উপস্থাপন করবে। তখনই বিচারযোগ্য যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ হবে।"
তদন্ত সংস্থায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারাও থাকবেন বলে শফিক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৪০ ঘ.
bdnews24