২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলা-৩ আসনে ২৪ এপ্রিল ভোট

ভোলা-৩ আসনে আগামী ২৪ এপ্রিল ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২৯ মার্চ পর্যন্ত, প্রত্যাহারের শেষ সময় ৮ এপ্রিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2010, 06:27 AM

Updated : 24 Aug 2022, 07:40 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ আসনে আগামী ২৪ এপ্রিল ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২৯ মার্চ পর্যন্ত, প্রত্যাহারের শেষ সময় ৮ এপ্রিল। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা সংসদের শূন্য ওই আসনের নির্বাচনী তফসিল বৃহস্পতিবার ঘোষণা করেছেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নির্বাচনে প্রার্থী হওয়া যায় না। সরকারদলীয় সংসদ সদস্য মো. জসিমউদ্দিন সে নিয়ম লঙ্ঘন করায় তার প্রার্থিতা বাতিল করে আদালত। এর পর ভোলা-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জসিমউদ্দিন বিএনপির প্রার্থী আরেক সাবেক সেনা কর্মকর্তা হাফিজউদ্দিন আহমেদকে ১৩ হাজার ভোটে হারিয়ে নবম সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। ইসি'র সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করে ইসির পক্ষ থেকে জানানো হয়, এইচএসসি পরীক্ষার কথা বিবেচনায় রেখে ২৪ এপ্রিল শনিবার ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। ১ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী ২২ ও ২৫ এপ্রিল পরীক্ষা রয়েছে। তবে ২৪ এপ্রিল কোনো পরীক্ষা নেই। আর পরীক্ষার দায়িত্বে থাকা অনেক শিক্ষকই নির্বাচনী দায়িত্বও পালন করবেন। গত সোমবার ভোলা-৩ আসনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। লালমোহন ও তজুমুদ্দিন উপজেলা নিয়ে গঠিত এ নির্বাচনী এলাকায় মোট ভোটার প্রায় ২ লাখ ২০ হাজার। ভোটকেন্দ্র ৮৬টি ও ভোটকক্ষ পাঁচশ ৪৭টি। ভোলায় সরকারি দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে সেখানে সুষ্ঠু নির্বাচন নিয়ে ইতিমধ্যে সংশয় প্রকাশ করেছেন বিএনপির সহসভাপতি হাফিজ। সিইসি বলেন, "রাজনৈতিক সরকারের সময়ে ইতিমধ্যে আটটি উপ-নির্বাচন করেছি আমরা। ভোলা-৩ আসনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আরেকটি নজির সৃষ্টি করতে চাই।" তিনি জানান, ভোলার প্রতিটি ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর ২৪ জন করে সদস্য নিয়োজিত থাকবে। এর মধ্যে পুলিশের একজন উপরিদর্শকের নেতৃত্বে ১৪ জনই থাকবেন অস্ত্র নিয়ে। ভোটকেন্দ্রের বাইরে নির্বাহী ও বিচারিক হাকিমসহ স্ট্রাইকিং ফোর্স, র‌্যাব-পুলিশের সদস্য থাকবে বলে ইসি জানায়। এছাড়া কেন্দ্রে ইসির নিজস্ব পর্যবেক্ষকও থাকবে বলে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। তফসিল অনুযায়ী- ২৯ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়, ৩১ মার্চ মনোনয়নপত্র বাছাই ও ৮ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। নির্বাচনী এলাকায় সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী কিংবা ওই পদমর্যাদার কেউ প্রচারে অংশ নিতে পারবেন না। নির্বাচনের তফসিলের আগেই সাঁটানো সম্ভাব্য প্রার্থীদের বহুরঙা পোস্টার ২২ মার্চের মধ্যে তুলে ফেলার অনুরোধও জানান সিইসি। তিনি বলেছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৩১২ ঘ.