২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজে হজযাত্রী পাঠানোর প্রস্তাব নাকচ

আগামী হজ মৌসুমে জাহাজে হজযাত্রী পরিবহনে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাব নাকচ করে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2010, 05:11 PM

Updated : 24 Aug 2022, 07:37 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী হজ মৌসুমে জাহাজে হজযাত্রী পরিবহনে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাব নাকচ করে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। নৌ-পরিবহন মন্ত্রণালয় দীর্ঘ ২৫ বছর পর আবার জাহাজে হজযাত্রী পরিবহনের পরিকল্পনার কথা জানায় গত ৭ ফেব্র"য়ারি। নৌ-মন্ত্রী শাজাহান খান মঙ্গলবার সচিবালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় নেতিবাচক মনোভাব ব্যক্ত করেছে। ধর্ম প্রতিমন্ত্রী নিজেও বলেছেন এ ব্যবস্থায় নানা সমস্যা রয়েছে।" ১৯৮৪ সালে জাহাজে হজযাত্রী পরিবহন বন্ধ হওয়ার পর যাত্রীদের সেবার জন্য গড়ে তোলা স্থাপনাসহ অন্য সুবিধাগুলো বন্ধ কিংবা বেহাত হয়ে গেছে বলে নৌ-মন্ত্রীকে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। এ কারণে ধর্ম প্রতিমন্ত্রীর মতে, আরো সময় নিয়ে পরবর্তীতে সমন্বিত সিদ্ধান্ত নেওয়া উচিত। আপাতত নৌ-মন্ত্রণালয় জাহাজে পরিবহনের বিষয়টি বন্ধ রেখে বিকল্প চিন্তা করছে জানিয়ে শাজাহান খান বলেন, "প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে জাহাজে হাজি পরিবহনের বিষয়ে আগ্রহী। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতেও বলেছেন তিনি।" গত ৭ ফেব্র"য়ারি নৌ-পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় হজ যাত্রীদের ব্যয় ও হয়রানি কমাতে জাহাজে পরিবহনের পরিকল্পনা করা হয়। এ সময় বলা হয়, এ ব্যবস্থায় হজের ব্যয় অর্ধেকে নেমে আসবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জিএনএ/২৩০০ ঘ.