২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেআরসিতে সুরমা খননের কথাও হবে

নয়া দিল্লিতে বৃহস্পতিবার যৌথ নদী কমিশনের বৈঠকে ভারতের সঙ্গে তিস্তা নদীর পানিবণ্টন ছাড়াও সুরমা নদী খননের বিষয়ে আলোচনা করবে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2010, 04:16 PM

Updated : 24 Aug 2022, 07:37 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া দিল্লিতে বৃহস্পতিবার যৌথ নদী কমিশনের বৈঠকে ভারতের সঙ্গে তিস্তা নদীর পানিবণ্টন ছাড়াও সুরমা নদী খননের বিষয়ে আলোচনা করবে বাংলাদেশ। পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল কমিশনের মন্ত্রী পর্যায়ের ৩৭তম বৈঠকে অংশ নিতে বুধবার দিল্লি পৌঁছেছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ১৯৯০ সাল থেকে একটি চর জেগে ওঠায় প্রতিবছর শুকনো মৌসুমে সুরমা নদীর পানির প্রবাহ একেবারেই কমে আসে। 'নো ম্যান্স ল্যান্ডের' যে জায়গা দিয়ে বরাক নদী বাংলাদেশে প্রবেশ করেছে সেখানেই চরটি অবস্থিত। বরাক নদীই বাংলাদেশে সুরমা ও কুশিয়ারা নামে বিভক্ত হয়ে ঢুকেছে। কর্মকর্তারা বলছেন, খনন করে চর অপসারণের কাক্সিক্ষত গুরুত্ব পায়নি। প্রতিনিধি দলের সদস্য পানিসম্পদসচিব শেখ ওয়াহিদ উজজামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সুরমা নদী খননের বিষয়টি আলোচনায় তুলবো। তিস্তার পানি বণ্টনের বিষয়টি নিয়েও কথা হবে।" সিলেট বিভাগের পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ আফসান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খনন করা হলে সুরমার পানিপ্রবাহ শুকনো মৌসুমে আরো বেড়ে যাবে; তাই এটি অবশ্যই অতি দ্রুত খনন করা উচিত।" বোর্ডের কর্মকর্তারা জানান, চরটি নো ম্যান্স ল্যান্ডে থাকায় সেখানে খনন করা যাচ্ছে না। একজন কর্মকর্তা বলেন, "কমিশনের অনুমোদন ছাড়া আমরা কোনোমতেই সীমান্তে অবস্থিত এ চরটি খনন করতে পারবো না।" বোর্ডের হিসাব থেকে দেখা যায়, নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত শুকনো মৌসুমে সুরমা নদীর পানিপ্রবাহ একেবারে কমে যায়। ওই হিসাবে ২০০৮ সালের মার্চ মাসে শুকনো মৌসুমে সুরমা নদীর সর্বোচ্চ পানিপ্রবাহ ছিল প্রতি সেকেন্ডে ৬ দশমিক ০৫ ঘনমিটার, সর্বনিু ছিল প্রতি সেকেন্ডে ১৫ ঘনমিটার। একই বছরে বর্ষায় রেকর্ড করা সর্বোচ্চ পানিপ্রবাহ ছিলো প্রতি সেকেন্ডে ১৪৫৬ ঘনমিটার। ওই বছরের ২১ জুলাই এ পানিপ্রবাহ রেকর্ড করা হয়। বোর্ডের হিসাবে ২০০৭ সালের আগস্টে বর্ষায় এই নদীর সর্বোচ্চ ও সর্বনিু পানির প্রবাহ রেকর্ড করা হয়। রেকর্ড অনুযায়ী, সর্বোচ্চ পানিপ্রবাহ ছিলো প্রতি সেকেন্ডে ৯৬২ ঘনমিটার এবং প্রতি সেকেন্ডে সর্বনিু প্রবাহ ছিলো ৬৭০ ঘনমিটার। একই বছরে শুকনো মৌসুমে এ নদীর প্রতি সেকেন্ডে সর্বোচ্চ পানিপ্রবাহ ৪ দশমিক ৬ ঘনমিটার এবং সর্বনিু পানির প্রবাহ ৪ দশমিক ২২ ঘনমিটার, বোর্ডের হিসাব অনুযায়ী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, যেহেতু বাংলাদেশ ইছামতী নদী খননের অনুমতি দিয়েছে, তাই যৌথ নদী কমিশনের বৈঠকে বাংলাদেশ সুরমা নদীর খননের ইস্যুটি আলোচনায় তুলবে। কারণ ইছামতী নদীটি ভারতের পশ্চিমবঙ্গে বন্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ নদীর ভেতরে প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে একটি চর পড়ায় এটি খনন করা দরকার। জানুয়ারি মাসে অনুষ্ঠিত কমিশনের সচিব পর্যায়ের বৈঠকে ইছামতী নদী খননের বিষয়ে দু'দেশই রাজি হয়। পানিসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, খুব শিগগিরই ইছামতীর খনন শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেএফ/জিএনএ/২২০৯ ঘ.