ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশুদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করে শিশু অধিকার আইন যুগোপযোগী করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
রাজধানীর একটি হোটেলে বুধবার সন্ধ্যায় এক সেমিনারে তিনি এ কথা বলেন।
শিশু অধিকার বিষয়ে সেমিনারটি আয়োজন করে লিগ্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও ইউনিসেফ।
আইনমন্ত্রী বলেন, "শিশুদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করে শিশু অধিকার আইন যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে এ বিষয়ে একটি খসড়া আইনও চূড়ান্ত করা হয়েছে। ১৯৭৫ সালের শিশু অধিকার আইনকে ভিত্তি হিসেবে ধরে জাতীয় শিশু অধিকার আইন-২০১০ করা হবে।"
সেমিনারে আলোচনায় অংশ নেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ, সমাজ কল্যাণ সচিব কামরুন্নেসা খানম প্রমুখ।
দেশের নিরাপদ হেফাজতগুলোর বেহাল অবস্থার কথা তুলে ধরে কামরুন্নেসা বলেন, "সেখানে মাসে একদিন সমাজ কল্যাণ সচিবের সঙ্গে শিশুরা ভাত খায়। ওই দিন একটু পরিস্কার পরিচ্ছন্ন থাকলেও বাকি দিনগুলো সেখানে নোংরায় ভরে থাকে।"
এতে মুলপ্রবন্ধ উপস্থাপন করেন বিচারপতি মো. ইমাম আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/২১৩২ ঘ.
bdnews24