২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

জাতীয় শিশু দিবস হিসেবে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার পালিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2010, 04:42 AM

Updated : 24 Aug 2022, 07:39 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শিশু দিবস হিসেবে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার পালিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। সরকারি ছুটির দিনে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে চলে শিশু সমাবেশ, বইমেলা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদ সদস্যরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা হাসিনা সকালে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন। তার সঙ্গে ছিলেন মন্ত্রিসভার সদস্যরা। এরপর আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন হাসিনা। পরে তিনি বঙ্গবন্ধু ভবনের সেই সিঁড়িতে ফুলের পাপড়ি ছিটিয়ে স্মরণ করেন বাবাকে; ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ভবনের এ সিঁড়িতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় শেখ লুৎফর রহমান ও মোসাম্মৎ সায়রা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। তাদের চার মেয়ে ও দুই ছেলের মধ্যে তৃতীয় সন্তান মুজিব। কালক্রমে এ মুজিব পরিণত হন অবিসংবাদিত নেতায়, যার হাত ধরে এসেছিলো বাংলাদেশের স্বাধীনতা। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জাদুঘরে কিছু সময় কুরআন তেলওয়াত করেন। শেখ হাসিনার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনসহ নানা সামাজিক-সাংস্কৃতিক ও শিশু সংগঠন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। সেখানে যান প্রধানমন্ত্রীও। জাতীয় শিশু দিবস উপলক্ষে শেখ হাসিনা টুঙ্গীপাড়ায় একটি শিশু সমাবেশ, বইমেলা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন। শেখ হাসিনা বলেন, "বঙ্গবন্ধুর মৃত্যুতে আমার ব্যক্তিগত জীবনে যত না ক্ষতি হয়েছে, তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে দেশের মানুষের। যে মানুষটি দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতেন, তাকে হারিয়েছে দেশের মানুষ।" তিনি বলেন, বঙ্গবন্ধু শিশুদের অনেক ভালবাসতেন বলে তার জন্মদিনটি জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হচ্ছে। দেশকে শিশু নির্যাতন, শিশুপাচার মুক্ত করে শিশুদের জন্য সুন্দর, সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। দিবসটি উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা চিকিৎসক পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে বুধবার বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ বঙ্গবন্ধু এভিনিউ'র কেন্দ্রীয় কার্যালয়ে ভোরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে। আয়োজন করা হয়েছে দোয়া মাহফিল, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা হয়। বাংলা একাডেমী, শিশু একাডেমি, শিল্পকলা একাডেমিও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/এমআই/০০১০ ঘ.