২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যানিকে সতর্ক করলেন স্পিকার হামিদ

বিএনপির সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে সর্তক করেছেন সংসদের স্পিকার আবদুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 03:31 PM

Updated : 24 Aug 2022, 07:35 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে সর্তক করেছেন সংসদের স্পিকার আবদুল হামিদ। বারবার স্পিকারের অনুরোধ সত্বেও অ্যানি না বসে হাত ছুড়ে অঙ্গভঙ্গি করতে থাকলে স্পিকার তাকে সতর্ক করেন। জাতীয় সংসদে মঙ্গলবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের শেষে এ ঘটনা ঘটে। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে সর্তক করে স্পিকার বলেন, "মিস্টার অ্যানি, আপনার আচরণ আমি সঠিকভাবে নিতে পারছি না। স্পিকার যখন কথা বলেন, তখন হাউজের সবাই চুপ করে শোনেন।" বিরোধী দলের সংসদ সদস্যরা সন্ধ্যা সাতটা দু'মিনিট থেকে বিশৃঙ্খল আচরণ শুরু করেন এবং তা প্রায় ১৫ মিনিট ধরে চলে। অ্যানি, এবিএম আশরাফউদ্দিন নিজান, নিলোফার চৌধুরী মনি, শাম্মী আক্তার, রাশেদা বেগম হীরা এবং সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া প্রশ্নোত্তর পর্বের শেষ পর্যায়ে হৈচৈ শুরু করেন। তারা স্পিকারকে উদ্দেশ করে উচ্চস্বরে কথা বলেন এবং আক্রমণাত্মক বক্তব্য দিতে থাকেন। বিএনপি'র সংসদ সদস্যরা স্পিকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। স্পিকারের অনুরোধ সত্ত্বেও অ্যানি না বসায় সরকারদলীয় সংসদ সদস্যরা আওয়াজ তুললে অ্যানি তাদের উদ্দেশ্যে আঙুল তুলে বলেন, "ওই চুপ।" প্রশ্নোত্তর পর্বের একেবারে শেষ পর্যায়ে বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এক সম্পূরক প্রশ্নের জবাবে বলেন, "বিএনপি জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে আদমজী ও কাওমী পাটকল বন্ধ করে দেয়।" মন্ত্রীর এই বক্তব্যের পরই বিরোধীদলীয় সংসদ সদস্যরা হৈচৈ শুরু করেন। এরপর মন্ত্রী কোনো দল বা ব্যক্তির নাম না নিয়ে বলেন, "আদমজী বন্ধ করেছে ওরা। এই ওরা কারা। যারা পরাজিত শক্তির দোসর। যারা বঙ্গবন্ধু হত্যার সুবিধাভোগী। ওরা খুনীর বংশধর।" এরপরই বিরোধীদলীয় প্রায় সব সংসদ সদস্যই তাদের আসনে দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করেন। এসময় স্পিকার বিরোধীদলীয় চিফ হুইপকে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। তখনও বিএনপি'র সংসদ সদস্যরা না বসে হাত ছুড়ে স্পিকারকে লক্ষ করে চিৎকার করতে থাকেন। এদের মধ্যে সবচেয়ে সরব ছিলেন অ্যানি। এসময় জয়নুল আবদিন ফারুকের মাইক চালু হলেও তার দলের সদস্যদের চিকৎকারের কারণে কথা বলতে পারছিলেন না। তাকে উদ্দেশ্য করে স্পিকার বলেন, "আপনার সদস্যরা এখনো এভাবে কথা বলছেন কেনো? ওদের থামতে বলেন। আমি তো বিরোধী দলের প্রধান হুইপকে কথা বলতে দিয়েছি।" জয়নুল আবদিন ফারুক পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে লতিফ সিদ্দিকীর বক্তব্যের কোনো জবাব না দিয়ে সংসদকে জানান, তার বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে। এছাড়া তাকে দিগম্বর করতে যুবলীগের এক নেতাও নির্দেশ দিয়েছেন। বিরোধী দলের প্রধান হুইপ বলেন, "আমরা প্রটেকশন চাই। কার্যকর সংসদ চাই। বিএনপি'র কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করতে দিতে হবে।" এরপর স্পিকার বলেন, "আমি চাই, এ সংসদ প্রাণবন্ত হোক। আপনারা সংসদীয় ভাষায়, রুচিশীল ও রুচিসম্মতভাবে কথা বলবেন