২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অস্ত্রসহ ৫ চাঁদাবাজ গ্রেপ্তার

ঢাকার সাভার উপজেলার সবুজবাগ এলাকা থেকে সোমবার রাতে পাঁচ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 12:20 PM

Updated : 26 Apr 2022, 12:55 AM

সাভার, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভার উপজেলার সবুজবাগ এলাকা থেকে সোমবার রাতে পাঁচ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি রিভলবার ও পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। রাত সাড়ে ১২টার দিকে ১৫৯/এ সবুজবাগের 'দি প্যাসিফিক মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের কার্যালয় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৪ এর সাভার ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাহ মিজান-উল-হক। গ্রেপ্তারকৃতরা হলেন- রাসেল আহমেদ (২১), আব্দুল হাকিম (৫০), আনোয়ার হোসেন (২৯), খান তরিকুল ইসলাম সোহাগ (৩৮) ও হামিদুল হক জনি (২৯)। র‌্যাব কর্মকর্তা মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তাজুর রহমানের কাছে একটি চাঁদাবাজচক্র দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। তিনি বিষয়টি জানালে র‌্যাবের একটি গোয়েন্দা দল কো-অপারেটিভ কার্যালয়ের ওপর নজর রাখতে শুরু করে। তিনি বলেন, "সোমবার রাতে চাঁদা নেওয়ার জন্য এলে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।" এদিকে রাত সাড়ে ৮টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। এরা হলেন- জুয়েল (২৫) ও ফরিদ (২০)। মঙ্গলবার সাভার থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলে র‌্যাব কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৮১৫ ঘ.