গোপালগঞ্জ, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জে সদর উপজেলায় দু'টি গ্রামের লোকজনের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।
আগেরদিন মাছ কেনা নিয়ে হাতাহাতির জেরে মঙ্গলবার সকালে উপজেলার কাজুলিয়া বাজারে এই সংঘর্ষ হয়। এ সময় ২০টি দোকান ও একটি স্কুলভবন ভাংচুর হয় বলে জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা।
গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মো. হামিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আবার যাতে সংঘর্ষ না হয় সেজন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে তিনি জানান।
পুলিশ ও স্থানীয়রা সাংবাদিকদের জানান, সোমবার বিকালে কাজুলিয়া বাজারে মাছ কেনাকে কেন্দ্র করে ওই গ্রামের রুবেল দাড়িয়ার সঙ্গে পাশের কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামের কাজল মোল্লার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকাল ৯টার দিকে কাজুলিয়া বাজারে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। তারা দেশি অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। পুরো বাজার পরিণত হয় রণক্ষেত্রে।
বেলা সাড়ে ১১টা পর্যন্ত স্থায়ী এই সংঘর্ষের সময় গোপালগঞ্জ-কোটালীপাড়া রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন কোটালীপাড়া থানার ওসি এস এম ফেরদাউস ফয়সাল।
আহতদের মধ্যে আরো আছেন- নান্নু দাড়িয়া (১৫), দেলোয়ার দাড়িয়া (১৮), রসুল দাড়িয়া (২৬), বাচ্চু মিয়া (৪৫), কালাম দাড়িয়া (৪০), রাসেল দাড়িয়া (৫০), হাসান শেখ (১৮), তরিকুল (১৪), ইমাম হাওলাদার (২৫), সজীব দাড়িয়া (১৮), মাহবুব দাড়িয়া (২২), রাফেজুল দাড়িয়া (২২), ওয়াসেল দাড়িয়া (৫৫), মিরাজ দাড়িয়া (২৪), জিহাদ সিকদার (২০), মো. আনোয়ার দাড়িয়া (২৬), তরিকুর দাড়িয়া (১৬), রিপন (৩৫), আশরাফ আলী (৪৫)।
এদের খুলনা, গোপালগঞ্জ, কোটালীপাড়ায় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বাজারের ব্যবসায়ী সামিউর দাড়িয়া সাংবাদিকদের জানান, সংঘর্ষের সময় পোশাক, জুতা, সোনা, ওষুধ, লেপ-তোষকের দোকানসহ অন্তত ২০টি দোকান এবং একটি কিন্ডারগার্টেন স্কুলভবন ভাংচুর হয়েছে। এ সময় দোকানগুলোতে লুটপাট হয় বলেও তিনি অভিযোগ করেন।
সামিউর দাবি করেন, এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গোপালগঞ্জের এএসপি (সার্কেল) হামিদুল হক জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৭ ঘ.
bdnews24