রাজশাহী, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় সোমবার রাতে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত রাজু আহম্মেদ (১৮) জেলার দুর্গাপুর কারিগরি কলেজের দ্বিতীয়বর্ষের ছাত্র ছিলেন। তিনি বাগমারা উপজেলার হাসনিপুর গ্রামের এশার আলীর ছেলে।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সন্ধ্যার পর রাজু তার কম্পিউটার মেরামতের জন্য নিউমার্কেট আসেন। রাত ৮টার দিকে পাশের একটি হোটেলের পিছনে গেলে রাজুকে দুর্বৃত্তর ঘিরে ধরে পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। রাত সাড় ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হুমকির মুখে রাজু বাগমারার নিজের গ্রাম ছেড়ে নগরীর মোন্নাফের মোড়ে একটি ছাত্রাবাসে থাকতেন। প্রতিপক্ষের লোকজন নগরীতে এসে তাকে খুন করে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৬ ঘ.
bdnews24