২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে প্রবাসী, বান্দরবানে গৃহবধূ খুন

চুরির অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক প্রবাসীকে পিটিয়ে হত্যা করেছে এলাকার লোকজন। সোমবার পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2010, 10:54 AM

Updated : 24 Aug 2022, 07:34 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চুরির অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক প্রবাসীকে পিটিয়ে হত্যা করেছে এলাকার লোকজন। সোমবার পুলিশ তার লাশ উদ্ধার করেছে। বান্দরবানের আলীকদম উপজেলায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। তার দুই বছরের মেয়েকেও কুপিয়ে জখম করা হয়। এলাকার লোকজন খুনীকে আটক করে পুলিশে দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: চাঁদপুর: নিহত আবদুর রশিদ (২২) হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের মালিগাঁও গ্রামের বাসিন্দা। তিনি ১৬ দিন আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে বাড়ি ফেরেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আকবর শেখ। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পুলিশ দু'জনকে আটক করেছে। এরা হলেন- গন্ধব্যপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান বাবলু (৪০) ও দোকানদার লোকমান (২৮)। স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান আলী আকবর জানান, ৪/৫ দিন আগে পাশের গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও গ্রামের একটি বাড়িতে চুরি হয়। ওই চুরির সঙ্গে জড়িত সন্দেহে গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের লোকজন রোববার রাতে রশিদকে বেদম মারধর করে। এক পর্যায়ে লোকজন মালিগাঁও সেতুর কাছে একটি দোকানে রশিদকে বেঁধে রাখে। সোমবার সকালে লোকজন দোকানে গিয়ে দেখে রশিদ মারা গেছেন। হাজীগঞ্জ থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক করা দু'জন বর্তমানে থানা হাজতে রয়েছে। হত্যাকান্ডের বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। বান্দরবান: আলীকদম থানার ওসি নিয়াজ মোহাম্মদ সাংবাদিকদের জানান, সোমবার সকালে কলহের জের ধরে উপজেলার মেরিনচর এলাকায় অং থোয়াই চিং মারমাকে (২২) দা দিয়ে কুপিয়ে হত্যা করে স্বামী উ থোয়াই মং মারমা (২৬)। দা'র আঘাতে আহত হয় তাদের মেয়ে উ মে চিং। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওসি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪১ ঘ.