নারায়ণগঞ্জ, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহতের নাম দ্বীন ইসলাম দ্বীনা (৩৫)। সোমবার ভোররাতে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকায় 'বন্দুকযুদ্ধে' তিনি মারা যান বলে র্যাব জানায়।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাবের টহল দল রাত ১টার দিকে হাউজিং এলাকায় পৌঁছালে তাদের দেখে ৬/৭ জন লোক হঠাৎ পালাতে থাকে।
"র্যাব সদস্যরাও ধাওয়া করলে তারা গুলি ছোড়ে। তখন র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। প্রায় ১০-১৫ মিনিট গুলিবিনিময়ের পর একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।"
গুলিবিদ্ধ দ্বীনাকে নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, একটি দেশিয় পাইপগান, একটি রামদা পাওয়া গেছে বলে র্যাব জানায়।
সিদ্ধিরগঞ্জ পুলিশ জানিয়েছে, দ্বীনার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগে ১৪টি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫০ ঘ.
bdnews24