ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রক্তক্ষয়ী সহিংসতার ২০ দিন পর সোমবার পার্বত্যাঞ্চল সফরে গেছে বিএনপির সংসদীয় প্রতিনিধি দল।
এ মাসের শুরুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ওই অঞ্চল সফর করে আসে। তবে তাদের সঙ্গে বিএনপির কোনো সংসদ সদস্য ছিলেন না।
আলাদাভাবে প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি সর্বদলীয় প্রতিনিধি দল পার্বত্যাঞ্চলে পাঠানোর জন্য দাবি করার পরও সরকারি দল কেবল তাদের সংসদ সদস্যদের নিয়ে ওই এলাকা পরিদর্শন করে এসেছেন। সে কারণে আমাদের আলাদাভাবে যেতে হচ্ছে।"
বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দলটি সকালে সড়কপথে পার্বত্যাঞ্চল রওনা হন।
ফারুকের নেতৃত্বাধীন এ দলের অন্য সদস্যরা হলেন- জাফরুল ইসলাম চৌধুরী, আবুল খায়ের ভূঁইয়া, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এবিএম আশরাফ উদ্দিন নিজান ও নাজিমউদ্দিন আহমেদ।
ফারুক বলেন, "আমরা খাগড়াছড়ি ও রাঙামাটির বাঘাইছড়িতে বাঙালি-পাহাড়ি সংঘাতস্থল সরেজমিন দেখবো, কথা বলবো ক্ষতিগ্রস্তদের সঙ্গে। এ সংক্রান্ত একটি প্রতিবেদনও আমরা বিরোধী দলীয় নেতার (খালেদা) কাছে দেবো।"
বিএনপির দলটি সোমবারের রাতেই ঢাকা ফিরবে বলে তিনি জানান।
গত ১৯ ও ২০ ফেব্র"য়ারি রাঙামাটির বাঘাইছড়িতে ভূমি বিরোধ নিয়ে পাহাড়ি-বাঙালি মুখোমুখি অবস্থানের প্রেক্ষাপটে বেশ কিছু বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। নিহত হয় অন্তত তিনজন পাহাড়ি, হত্যার জন্য সেখানে মোতায়েন সেনা সদস্যদের দায়ী করছে পাহাড়ি সংগঠনগুলো। বাঘাইছড়ির ঘটনার জের ধরে ২৩ ফেব্র"য়ারি খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে মারা যায় এক বাঙালি।
সংসদীয় স্থায়ী কমিটি পার্বত্যাঞ্চলে অস্থিরতার জন্য খাগড়াছড়ি আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়াকে দায়ী করেছেন। সরকারি দলের পক্ষ থেকেও বিএনপি-জামায়াত জোটকে দায়ী করা হচ্ছে।
অন্যদিকে বিএনপি বলে আসছে, পার্বত্যাঞ্চল থেকে সেনাক্যাম্প প্রত্যাহারই অস্থিরতা সৃষ্টির কারণ। দলটি আওয়ামী লীগের গত আমলে স্বাক্ষরিত পার্বত্য শান্তি চুক্তির বিরোধী
এদিকে পাহাড়িদের সংগঠন সাজেক নারী সমাজ ও ভূমি রক্ষা কমিটি বিএনপির সংসদ সদস্যদের এ সফর বয়কটের ঘোষণা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১০৪৫ ঘ.
bdnews24