ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ক্ষুদ্রঋণ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো কোন কোন খাতে কী পরিমাণ সুদ নিচ্ছে তা জনগণকে জানাবে ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রক সংস্থা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি।
রোববার সংস্থার পরিচালক (অপারেশনস) লীলা রশিদ এক সংবাদ সম্মেলনে বলেন, "আমরা একটি নীতিমালা তৈরি করেছি। এ নীতিমালা অনুযায়ী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো কোন কোন খাতে কী পরিমাণ সুদ নিচ্ছে তা জানাতে হবে। তাদের কাছ থেকে এসব তথ্য নিয়ে এগুলো আমরা প্রকাশ করবো।"
এ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করে তা অনুমোদনের জন্য সরকারের কাছে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ক্ষুদ্রঋণ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরুর একদিন আগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
২০টি দেশের অংশগ্রহণে সোমবার থেকে ঢাকায় শুরু হচ্ছে তিনদিনের "মাইক্রোফিন্যান্স রেগুলেশনস: হু বেনিফিটস' শীর্ষক সম্মেলন। এতে ৮টি সেশনে বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হবে।
দেশে প্রথমবারের মতো এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
লীলা জানান, ক্ষুদ্রঋণের ওপর বাৎসরিক কার্যকর সুদের হার ২৫ থেকে ৩০ শতাংশ।
সারাদেশে বর্তমানে ক্ষুদ্রঋণের পরিমাণ ২০ হাজার কোটি টাকা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, "বাংলাদেশ ক্ষুদ্রঋণের সূতিকাগার, ল্যাবরেটরি। এরকম আয়োজন করতে পারাটা আমাদের জন্য খুবই সন্তুষ্টির বিষয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এইচএ/২১১২ ঘ.
bdnews24