ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার পর সংঘটিত সব অভ্যুত্থানের তথ্য 'প্রয়োজনে' পূর্ণাঙ্গ তালিকা আকারে প্রকাশ করা যেতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার।
রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক লিখিত প্রশ্নের জবাবে একথা বলেন সংসদ কার্যাবলীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এ কে খন্দকার।
স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকাল ৫টা পাঁচ মিনিটে সংসদের অধিবেশন শুরু হয়।
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে এ কে খন্দকার জানান, দেশ স্বাধীন হওয়ার পর সেনাবাহিনীতে বিভিন্ন সময়ে ছোট-বড় কয়েকটি অভ্যুত্থান হয়। নৌবাহিনীতে বাস্তবিক অর্থে কোনো অভ্যুত্থানের মতো ঘটনা ঘটেনি। বিমান বাহিনীতেও কোনো অভ্যুত্থানের নজির নেই।
তিনি বলেন, "বিভিন্ন সময়ে সংঘটিত অভ্যুত্থান সম্পৃক্ত থাকায় অনেককে শাস্তি দেওয়া হয় এবং বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে পুনর্বাসন বা শাস্তি বা দণ্ডাদেশ প্রক্রিয়া হয়।"
দেশ স্বাধীন হওয়ার পর প্রায় ৩৯ বছর অতিবাহিত হয়েছে উল্লেখ করে এ কে খন্দকার বলেন, "তাই এসব তথ্য একত্রীভূত করা একটি সময় সাপেক্ষ ব্যাপার। প্রয়োজন হলে আগামীতে এসব তথ্য পূর্ণাঙ্গ তালিকা আকারে প্রকাশ করা যেতে পারে।"
নৌবাহিনী বিষয়ে তিনি বলেন, "৭ নভেম্বর ১৯৭৫ সালে তখনকার বিরাজমান পরিস্থিতির সুযোগে নৌবাহিনীর কিছু সংখ্যক স্বার্থান্বেষী নাবিক ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে শুধুমাত্র চট্টগ্রাম ও খুলনায় সীমিত সংখ্যক অফিসারদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং তাৎক্ষণিক একজন অফিসারের প্রাণহানি ঘটে।"
বিমানবাহিনী বিষয়ে মন্ত্রী বলেন, "১৯৭৫ সালের ৩ নভেম্বর বিমান বাহিনীর কিছু উচ্ছৃঙ্খল সদস্য ঢাকায় বিদ্রোহে অংশ নেয়। জড়িতদের চিহ্নিত করে বিদ্রোহে অংশগ্রহণের দায়ে বিমানবাহিনী এ্যাক্ট ১৯৫৩-এর অধীনে ফিল্ড জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে তাদের বিচার করা হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০২৭ ঘ.
bdnews24