২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক কোটি ৮২ লাখ পরিবারকে কৃষক পরিচয়পত্র দেওয়া হচ্ছে

দেশের প্রায় এক কোটি ৮২ লাখ কৃষক পরিবারকে 'কৃষি উপকরণ সহায়তা কার্ড' বা কৃষক পরিচয়পত্র দেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2010, 02:21 PM

Updated : 24 Aug 2022, 07:32 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রায় এক কোটি ৮২ লাখ কৃষক পরিবারকে 'কৃষি উপকরণ সহায়তা কার্ড' বা কৃষক পরিচয়পত্র দেওয়া হচ্ছে। রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এতথ্য জানান। এই কার্ডের মাধ্যমে কৃষকদের কৃষি উপকরণ সহায়তা বা নগদ সহায়তা দেওয়া যাবে। বিকাল ৫টা ১০ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। মহিলা সংসদ সদস্য সালমা ইসলামের লিখিত প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, যাদের নিজস্ব, বর্গা ও পত্তন আবাদী জমি আছে তাদের 'কৃষি উপকরণ সহায়তা কার্ড' দেওয়া হচ্ছে। কৃষক পরিচিত নম্বর, ঠিকানা, আবাদী জমির পরিমাণ ইত্যাদি এ কার্ডে উল্লেখ থাকবে। মতিয়া চৌধুরী জানান, ২০০৯-১০ বোরো মৌসুমে কৃষকদের উৎপাদন খরচ সহনীয় রাখতে ডিজেল কেনায় আর্থিক সহায়তা বাবদ প্রায় ৯২ হাজার প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষককে তাদের একাউন্টের মাধ্যমে সাতশ ৪৮ কোটি ৭০ লাখ ৭৭ হাজার আটশ টাকা দেওয়া হচ্ছে। কৃষকরা ১০ টাকা দিয়েই ব্যাংক একাউন্ট খোলার সুযোগ পাচ্ছেন বলে জানান কৃষিমন্ত্রী। কার্ড দেওয়ার ক্ষেত্রে কোনো নীতিমালা করা হয়নি জানিয়ে তিনি বলেন, "বোরো চাষীদের তালিকা প্রণয়ন, তাদের ব্যাংক একাউন্ট খোলা ও তাদের একাউন্টে সরকারের দেওয়া ডিজেল কেনায় সহায়তার অর্থ স্থানান্তরের জন্য একটি পদ্ধতি (নীতিমালা) জারি করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০১৩ ঘ.