২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোডশেডিং থেকে আশু মুক্তি নেই

বোরো মৌসুমে সেচ পাম্পগুলো চালাতে গ্রামে বিদ্যুত সরবরাহ বাড়ানোর কারণে শহরে লোডশেডিং আপাতত কমছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2010, 12:23 PM

Updated : 24 Aug 2022, 07:32 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোরো মৌসুমে সেচ পাম্পগুলো চালাতে গ্রামে বিদ্যুত সরবরাহ বাড়ানোর কারণে শহরে লোডশেডিং আপাতত কমছে না। তবে জুনের পর পরিস্থিতির উন্নতি আশা করছেন প্রধানমন্ত্রীর বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী। রোববার রাজধানীতে এ গোলটেবিল আলোচনার পর তিনি সাংবাদিকদের বলেন, "সেচের জন্য গ্রামে আমাদের বিদ্যুত বেশি দিতে হচ্ছে। তাই শহরবাসীকে ধৈর্য ধরতে হবে।" সেচ পাম্পগুলো সচল রাখার জন্য গ্রামে বিদ্যুত সরবরাহের কথা সরকারের পক্ষ থেকে বলা হলেও বিভিন্ন স্থানে বিদ্যুত বিভ্রাটে পাম্প অচল হয়ে পড়েছে। পাবনার চলন বিল এলাকায় কৃষকরা এ জন্য ক্ষোভ-বিক্ষোভও প্রকাশ করে আসছে। দেশে বিদ্যুত সঙ্কট নিয়ে সাধারণ মানুষসহ ব্যবসায়ী-বিনিয়োগকারীরাও অসন্তোষ প্রকাশ করে আসছে। মূলত গ্যাস সঙ্কটের কারণেই বিদ্যুত উৎপাদন ব্যাহত হচ্ছে বলে বলা হচ্ছে। গত কয়েকদিনে দেশে বিদ্যুতের দৈনিক ৫১০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন ছিলো গড়ে ৩৯০০ মেগাওয়াট। বর্তমানে ঢাকায় চাহিদার ১৯ শতাংশ এবং অন্যান্য অংশে ২৫ শতাংশ লোড শেড করে বিদ্যুত ব্যবস্থাপনা চালাচ্ছে বিদ্যুত উন্নয়ন বোর্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/এমআই/১৮১৮ ঘ.