ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খামার, ডিলার ও খুচরা পর্যায়ে মুরগি-ডিম বিক্রির দাম নির্ধারণে কমিটি করেছে সরকার।
১৩ সদস্যের কমিটি গঠনের কথা রোববার সাংবাদিকদের জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে খামার শিল্পখাতের উন্নয়ন ও সামগ্রিক সমস্যার সমাধানে করণীয় বিষয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি।
উৎপাদন ব্যয়ের তুলনায় বাজারে বর্তমানে প্রায় দেড় গুণ দামে মুরগি-ডিম বিক্রি হচ্ছে বলে জানানো হয় সভায়।
কমিটিকে দাম নির্ধারণে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি।
আব্দুল লতিফ জানান, কমিটিকে স্বল্প সময়ের মধ্যে বৈঠক ও বাজার পর্যবেক্ষণ করে মুরগি ও ডিমের উৎপাদন ব্যয়সহ এসবের বিভিন্ন পর্যায়ের দাম নির্ধারণ করতে বলা হয়েছে। তাদের সুপারিশের ভিত্তিতে সরকার এসবের বাজার দর নির্ধারণ করে দেবে।
সরকার ও কমিটির পরামর্শ ছাড়া এসবের (ডিম-মুরগির) দাম বাড়ানো যাবে না বলে জানান তিনি।
১৩ সদস্যের কমিটির নেতৃত্ব দেবেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক সুনীল চন্দ্র গাইন। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাণিসম্পদ অধিদপ্তরের ঢাকা বিভাগের উপ-পরিচালক ডা. মোসাদ্দেক হোসেন।
কমিটিতে মৎস্য ও প্রাণিসম্পদ, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়, খামার মালিক ও খামার সংশ্লিষ্ট চার সংগঠন বাংলাদেশ অ্যাগ্রো প্রোডিউসারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ব্রিডার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পোল্ট্রি ফিডার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা থাকবেন।
সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরের ঢাকা বিভাগের উপ-পরিচালক ডা. মোসাদ্দেক হোসেন জানান, একদিন বয়সী একটি ব্রয়লার মুরগির বাচ্চা উৎপাদনে ১৭ টাকা ৬০ পয়সা ব্যয় হলেও হ্যাচারি মালিকরা ডিলারদের কাছে তা বিক্রি করে ৪৫ টাকায়।
বিভিন্ন হাত ঘুরে এ বাচ্চা খামারিদের কাছে ৬৫ টাকায় পৌঁছে বলে জানান মোসাদ্দেক।
তিনি বলেন, ৬৫ টাকার বাচ্চা কিনে দেড় কেজি ওজনের একটি মুরগি উৎপাদনে খামার মালিকদের ব্যয় হয় একশ ৫৫ টাকা। এ হিসেবে প্রতি কেজি মুরগির দাম হওয়ার কথা একশ তিন টাকা। কিন্তু বাজারে বর্তমানে ব্রয়লার মুরগি একশ ৫১ থেকে একশ ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ডিমের দাম বিষয়ে তিনি জানান, একটি ডিমের উৎপাদন ব্যয় চার টাকা ৯১ পয়সা হলেও বাজারে বিক্রি হচ্ছে ছয় টাকা থেকে ছয় টাকা ২৫ পয়সায়।
মুরগি-ডিমের দাম নির্ধারণে সরকারের কমিটি করা প্রসঙ্গে বাংলাদেশ অ্যাগ্রো প্রোডিউসারস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "অতীতেও এ ধরনের বেশকিছু কমিটি হয়েছে। কিন্তু সেগুলো কার্যকর ছিলো না। এ কারণে সমস্যা থেকেই গেছে।"
এ কমিটি কার্যকর হলে ক্রেতা-বিক্রেতা দুপক্ষই লাভবান হবে বলে মন্তব্য করেন শহিদুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৭৫৬ ঘ.
bdnews24