ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য প্রয়াত সাংবাদিক ও ভাষাসৈনিক কে জি মুস্তফাকে রোববার সন্ধ্যায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। এ সময় তার স্বজনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে কে জি মুস্তফার প্রতি সর্বস্তরের নাগরিক শেষ শ্রদ্ধা জানান।
আগামী বুধবার বিকালে মোহাম্মদপুরের ইকবাল রোডের বাড়িতে তার কুলখানি হবে বলে প্রয়াতের মেজ ছেলে সাবির মুস্তাফা জানিয়েছেন।
৮২ বছর বয়সে শনিবার মারা যান কে জি মুস্তাফা। কর্মজীবনের স্বীকৃতি হিসেবে একুশে পদকসহ বহু সম্মাননায় ভূষিত তিনি। তিনি বিলুপ্ত দৈনিক মুক্তকণ্ঠের সম্পাদক ছিলেন।
কে জি মুস্তাফার কফিন রোববার দুপুরের পর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে তার প্রতি ফুলেল শ্রদ্ধা জানায় রাজনীতিক, শিক্ষাবিদ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, পেশাজীবী, সংস্কৃতিকর্মীসহ নানা বয়েসি মানুষ।
এর আগে মোহাম্মদপুরের ইকবাল রোড মসজিদে এবং জাতীয় প্রেসক্লাবে দুটি জানাজা হয়।
শহীদ মিনারে একটি বিশেষ মঞ্চ স্থাপন করে সেখানে রাখা হয় কে জি মুস্তাফার কফিন। প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল কাদের ও প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর শ্রদ্ধা জানান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ভাষাসৈনিক আবদুল মতিন।
এক সময়ের কমিউনিস্ট আন্দোলনে সক্রিয় ছিলেন কে জি মুস্তাফা।
তার প্রতি শ্রদ্ধা জানান সিপিবি'র সভাপতি মনজুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া এবং ছাত্র ইউনিয়ন ও ছাত্র মৈত্রীর নেতারা।
অধ্যাপক মুস্তফা নূরউল ইসলাম, বাংলা একাডেমীর মহাপরিচালক সামুজ্জামান খান, নাট্যকার মামুনুর রশীদসহ বিভিন্ন শিক্ষক-সাংবাদিকও ছিলেন সেখানে।
পুরো অনুষ্ঠানটি সমন্বয় করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
কেন্দ্রীয় শহীদ মিনারে খোলা একটি শোকবইয়েও বিভিন্ন জন স্বাক্ষর করেন।
মুস্তফা নূরউল ইসলাম বলেন, "তিনি ( কে জি মুস্তাফা) ছিলেন একজন নির্ভিক ও আপসহীন সাংবাদিক। আমার তার মতো ব্যক্তির জন্য অহঙ্কার ও গর্ববোধ করি। প্রতিক্রিয়াশীল রাজনীতির বিরুদ্ধে সোচ্চার এই মানুষটি বাম ধারার রাজনীতি করেছেন।"
জাতীয় প্রেসক্লাবে কে জি মুস্তাফার জানাজায় অংশ নেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী এম কে আনোয়ার, অধ্যাপক আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শওকত মাহমুদ, সাধারণ সম্পাদক কামালউদ্দিন সবুজ প্রমুখ।
সেখানে সাংবাদিক ইউনিয়ন, প্রেসক্লাবের কর্মচারী এবং বিভিন্ন পত্রিকার পক্ষ থেকে প্রয়াত সহকর্মীর কফিনে ফুল দেওয়া হয়।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও স্পিকার আবদুল হামিদ রোববার পৃথক বাণীতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯৫৬ ঘ.
bdnews24