চাঁদপুর, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহীউদ্দীন খান আলমগীরের গাড়ি ভাংচুরের মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলনকে কারাগারে পাঠিয়েছে চাঁদপুরের একটি আদালত।
এ মামলায় রোববার দুপুরে মিলন চাঁদপুর বিচার বিভাগীয় হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। হাকিম আসাদুজ্জামান নূর সে আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আওয়ামী লীগ নেতা আলমগীর ও মিলনের নির্বাচনী আসন চাঁদপুরের কচুয়া। গত সংসদ নির্বাচনে আলমগীরের কাছেই হেরেছিলেন মিলন।
আদালত প্রাঙ্গণে মিলন সাংবাদিকদের বলেন, "এ সরকার সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের চেয়েও জঘন্য সরকার। এরা আমার বিরুদ্ধে মানিব্যাগ, ভ্যানিটি ব্যাগ চুরির অভিযোগে মামলা করেছে। এর মতো জঘন্য আর কী হতে পারে।"
মিলনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয় ২০০৯ সালের ৬ মে। তবে ঘটনাটি ঘটেছিলো ২০০৩ সালের ১৬ অক্টোবর।
মামলার বাদি স্থানীয় আওয়ামী লীগ নেতা কলিমুল্লাহর অভিযোগ, ২০০৩ সালের ১৬ অক্টোবর ঢাকা থেকে চাঁদপুরের কচুয়া উপজেলায় মহিলা আওয়ামী লীগের একটি সভায় যাওয়ার পথে সাচার বাজারে মহীউদ্দীন খান আলমগীগের গাড়িবহরে দলবল নিয়ে হামলা চালান মিলন।
মামলায় মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবীসহ ৩৪ জনকে আসামি করা হয়। এ মামলায় অভিযোগপত্র দাখিল হওয়ায় পর গত ১৮ জানুয়ারি মিলনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
মিলনের আইনজীবী মো. কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ৩ ফেব্র"য়ারি বেবী আদালতে হাজির হয়ে জামিন নিলেও অসুস্থতার কারণে হাজির হননি মিলন। পরে গত ১১ মার্চ তিনি হাইকোর্টে জামিনের আবেদন করলে আদালত তাকে নিু আদালতে হাজির হতে বলে।
চাঁদপুর কারাগারের জেলার শঙ্কর মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে মিলনকে কুমিল্লা কারাগারে স্থানান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/২০৫৯ ঘ.
bdnews24