যশোর, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাপক গোলাগুলি ও বোমাবাজির মধ্যে শনিবার রাতে যশোর জেলা ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন পণ্ড হয়ে গেছে।
এ সময় যশোর কোতয়ালি থানার ওসিহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শহরের দড়াটানা আওয়ামী লীগ কার্যালয়ে ভোটাভুটির সময় সংগঠনটির দু'পক্ষের মধ্যে গোলাগুলি ও বোমাবাজি হয় বলে কোতয়ালি থানার ওসি আব্দুল কাদের বেগ জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্তত ২০/২৫ রাউন্ড গুলি ও ১৫/১৬টি বোমার বিস্ফোরণ হয়েছে।
এতে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফ আব্দুর রাকিব, সাংসদ খালেদুর রহমান টিটোর ছেলে মাসুক হাসান জয়, পুলিশের উপ-পরিদর্শক মোজাম্মেল হক, ইলিয়াস খান, শরিফ হোসেন, কনস্টেবল হুমায়ুন কবির এবং ওসি নিজেসহ অন্তত ১৫ জন আহত হন।
নিরাপত্তার স্বার্থে আহতরা নিজ নিজ দায়িত্বে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে পুলিশ কর্মকর্তা জানান।
তিনি বলেন, সকালে জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলন শুরু হয়। রাত সোয়া ৮টার দিকে শার্শা ও চৌগাছা উপজেলার কাউন্সিলরদের ভোট দেওয়ার জন্য ডাকা হলে বোমাবাজি ও গোলাগুলি শুরু হয়।
এতে ভোটাভুটি বন্ধ হয়ে যায়। এরপর উপস্থিত দলের শীর্ষ নেতাদের পুলিশ প্রহরায় নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
বোমা ও গোলাগুলির শব্দে শহরের লোকজন ভীতসন্ত্রস্ত হয়ে দিগবিদিক ছোটাছুটি করতে থাকে। দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৫ ঘ.
bdnews24