ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভুটানের ১৮টি পণ্যকে শিগগিরই বাংলাদেশ শুল্কমুক্ত প্রবেশাধিকার দেবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান। (আরো তথ্যসহ)
মন্ত্রী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ইতোমধ্যে ১৮টি ভুটানি পণ্যের তালিকা তৈরী করেছি, যেগুলো বাংলাদেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চূড়ান্ত তালিকা অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডে পাঠানো হয়েছে।"
গত ১২ মার্চ বুড়িমারী সীমান্তে অনুষ্ঠিত বাংলাদেশ-ভুটান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকেও বলা হয়, ভুটানকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার বিষয়টি 'চূড়ান্ত পর্যায়ে' রয়েছে।
পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসকে উদ্ধৃত করে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটান সফরের সময় ভুটানি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার যে অঙ্গীকার করেছিলেন বাংলাদেশ শিগগিরই তা বাস্তবায়ন করবে।"
বাংলাদেশী সব পণ্যই ভুটানে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে।
ভুটানে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ১০ লাখ ডলারেরও কম। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে- শীতবস্ত্র, কম্পিউটারের যন্ত্রাংশ, শুকনো খাবার, ফার্মাসিউটিকেলস, টয়লেট্রিজ ও টেক্সটাইল পণ্য।
অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ভুটানের রপ্তানির পরিমাণ প্রায় ১৪ মিলিয়ন ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/২০৪৯ ঘ.
bdnews24