ঢাকা মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবসমাজকে মাদকের সংস্পর্শ থেকে দূরে রাখতে মাদক চোরাচালানের মূল হোতাদের খুঁজে বের করতে হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
মাদকের ব্যবহার রোধে পারিবারিক অনুশাসন জোরদার এবং অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার উত্তরায় র্যাব-১ কার্যালয়ে র্যাবের অভিযানে উদ্ধার মাদক ধ্বংসের কর্মসূচিতে বলেন, "ছোটখাটো মাদক বহনকারীরকে গ্রেপ্তার করে সাজা দিয়ে সমাজ থেকে মাদকাসক্তি দূর করা যাবে না। এর আসল ব্যবসায়ী বা গড ফাদারদের আমাদের খুঁজে বের করতে হবে। এদের খুঁজে বের করে শাস্তি দিতে পারলে দেশে মাদক ব্যবহার কমে যাবে।"
শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধিসহ সমাজের সব মানুষকে নিজের সন্তানদের মাদক সম্পর্কে সচেতন করে তোলার পরামর্শ দেন মন্ত্রী।
তিনি বলেন, "মাদক একটি জটিল ব্যাধি এ থেকে আমাদের সন্তানদের অবশ্যই ফিরিয়ে আনতে হবে।"
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, "জোট সরকারের সময় দেশকে মাদকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।"
এ প্রসঙ্গে বিরোধী দল বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, একদিকে তারা সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছিলো অন্যদিকে মাদকের লাইসেন্স দিয়ে অনৈসলামিক কাজ করেছে।
মাদক বিরোধী কর্মসূচির অংশ হিসাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৯৬ হাজার ২১৭ বোতল ফেনসিডিল, ৫৮ দশমিক ৫ লিটার ফেনসিডিল এবং ৮৭৫ কেজি গাজা ধ্বংস করা হয়।
মাদক পাচার রোধে ব্যবস্থা নিতে সীমান্ত এলাকার পুলিশ ও আইন শৃঙ্খলাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান টুকু।
অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৪৩০ ঘ.
bdnews24